শিক্ষা

এসএসসির ফল প্রকাশের চূড়ান্ত তারিখ ঘোষণা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৩:২৮ পিএম

এসএসসির ফল প্রকাশের চূড়ান্ত তারিখ ঘোষণা
ছবি: সংগৃহীত

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের চূড়ান্ত তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। আগামী ১০ আগস্ট সারা দেশে একযোগে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

সোমবার (২৭ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দেশের সব শিক্ষা বোর্ডে একই দিনে ফল প্রকাশ করা হবে।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা বিজ্ঞপ্তিতে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, কেন্দ্র সচিবসহ সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি অবহিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ফলাফল সংগ্রহের পদ্ধতি ও এ-সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা পরবর্তী সময়ে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।

প্রচলিত নিয়ম অনুযায়ী, লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যেই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়ে থাকে।

উল্লেখ্য, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় গত ২১ এপ্রিল। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। আর মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের মাধ্যমিক বিদ্যালয় সনদ (বৃত্তিমূলক) পরীক্ষার লিখিত অংশ শেষ হয় ২৪ মে।

এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী ফরম পূরণ করেন। এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীনে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মাধ্যমিক বিদ্যালয় সনদ (বৃত্তিমূলক) পরীক্ষায় ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন পরীক্ষার্থী অংশগ্রহণের জন্য নিবন্ধন করেন।