বিনোদন

বলিউডের কিংবদন্তি কৌতুক অভিনেতা আসরানি মারা গেছেন


বিনোদন ডেস্ক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ০৩:০০ পিএম

বলিউডের কিংবদন্তি কৌতুক অভিনেতা আসরানি মারা গেছেন
ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় কৌতুক অভিনেতা গোবর্ধন আসরানি আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর ৮৪ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে, সোমবার রাতে মুম্বাইয়ের নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন এই অভিনেতা-পরিচালক। মঙ্গলবার সকালে সান্তাক্রুজ শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।

ভারতীয় চলচ্চিত্র জগতে পাঁচ দশকেরও বেশি সময় ধরে দর্শকদের বিনোদন দিয়ে গেছেন আসরানি। কমেডি চরিত্রে অসাধারণ অভিনয় দক্ষতা এবং নিজস্ব ভঙ্গিমার কারণে তিনি বলিউডে অনন্য এক অবস্থান তৈরি করেছিলেন।

ভারতের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (এফটিটিআই) থেকে স্নাতক সম্পন্ন করার পর ১৯৬০-এর দশকে অভিনয়জীবন শুরু করেন তিনি। খুব অল্প সময়েই তার অসাধারণ হাস্যরস ও অভিনয় প্রতিভা দর্শক-সমালোচকদের নজর কাড়ে।

‘শোলে’ সিনেমায় জেলারের ভূমিকায় অভিনয় করে তিনি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান। পরবর্তীতে ‘হেরা ফেরি’, ‘ধামাল’, ‘হালচাল’ এবং ‘খাট্টা মিঠা’র মতো একাধিক হিট সিনেমায় অভিনয় করেন আসরানি।

তাঁর মৃত্যুতে বলিউডে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী শিল্পী ও ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে শ্রদ্ধা জানিয়ে তাকে “বলিউডের হাসির রাজা” হিসেবে স্মরণ করছেন।