বিনোদন
ভারত যদি আমার মা হয়, তবে পাকিস্তান হলো মাসি: সানি দেওল
আসন্ন চলচ্চিত্র ‘বাটওয়ারা ১৯৪৭’-এর প্রচারণায় ভারত ও পাকিস্তানের সম্পর্ক নিয়ে আবেগঘন মন্তব্য করেছেন বলিউড অভিনেতা সানি দেওল। তিনি বলেন, ‘ভারত যদি আমাদের মা হয়, তবে পাকিস্তান হলো মাসি।’
সম্প্রতি ভারতের পাটনায় চলচ্চিত্রটির প্রচারণা অনুষ্ঠানে অংশ নিয়ে প্রয়াত বাবা ধর্মেন্দ্রর একটি বক্তব্য স্মরণ করে এই মন্তব্য করেন তিনি। সানি দেওলের ভাষ্য, দেশভাগের আগে দুই দেশের মানুষের মধ্যে গভীর আত্মীয়তা ও যৌথ ইতিহাস ছিল, যা আজও কোনো না কোনোভাবে মানুষের সম্পর্কের ভেতর বিদ্যমান।
রাজনৈতিক বিতর্ক এড়িয়ে তিনি জানান, একজন শিল্পী হিসেবে তার কাজ গল্প বলা, রাজনীতি করা নয়। অভিনেতারা একটি গল্পকে পর্দায় তুলে ধরেন, সেটিকে রাজনৈতিক বিতর্কে জড়ানো তাদের উদ্দেশ্য নয়। দেশভাগের মতো জটিল বাস্তবতা থাকলেও শিল্পীদের দায়িত্ব মানুষের আবেগ ও মানবিকতার গল্প তুলে ধরা এমনটাই মনে করেন তিনি।
‘বাটওয়ারা ১৯৪৭’ সিনেমাটি নির্মিত হয়েছে লেখক আসগর ওয়াজাহাতের জনপ্রিয় নাটক ‘জিস লাহোর নাই ভেখিয়া, ও জম্যাই নাই’-এর কাহিনি অবলম্বনে। ১৯৪৭ সালের দেশভাগের প্রেক্ষাপটে নির্মিত এই চলচ্চিত্রে একটি মুসলিম পরিবার লাহোরে একটি হাভেলি পায়। সেখানে গিয়ে তারা দেখতে পায়, এক বৃদ্ধা হিন্দু বিধবা এখনও সেই বাড়িতে বসবাস করছেন এবং নিজের ভিটেমাটি ছাড়তে রাজি নন। এই মানবিক দ্বন্দ্ব ঘিরেই এগিয়েছে সিনেমার গল্প।
চলচ্চিত্রটিতে সানি দেওলের পাশাপাশি অভিনয় করেছেন প্রীতি জিনতা, শাবানা আজমি, আলী ফজল, করণ দেওল ও অভিমন্যু সিং। আগামী ১৪ আগস্ট সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।
পাটনার এই প্রচারণা অনুষ্ঠানে সানি দেওলের ‘ভারত যদি মা হয়, পাকিস্তান হলো মাসি’ মন্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
সূত্র: ফিল্মফেয়ার