বিনোদন

যুক্তরাষ্ট্রে শাকিব-বুবলীর ঘোরাঘুরির মাঝেই মুখ খুললেন অপু বিশ্বাস


বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ০৯:৫৬ পিএম

যুক্তরাষ্ট্রে শাকিব-বুবলীর ঘোরাঘুরির মাঝেই মুখ খুললেন অপু বিশ্বাস
ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার আলোচিত জুটি শাকিব খান ও বুবলী বর্তমানে যুক্তরাষ্ট্রে ঘুরে বেড়াচ্ছেন। একসঙ্গে তাদের মুহূর্ত কাটানোর ছবি ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এতে ভক্ত-দর্শকের কৌতূহল আরও বেড়েছে—শাকিবের প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস কী ভাবছেন!

রবিবার (৩ আগস্ট) সন্ধ্যায় বনানীর একটি রেস্টুরেন্টে লেখিকা সিফাত নুসরাতের নতুন বই ‘অগ্নিকন্যা’–এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। অনুষ্ঠানে ছিলেন মডেল মারিয়া, সংগীতশিল্পী কোনাল, প্রযোজক আজিজসহ অনেকে।

সাংবাদিকদের প্রশ্নে যুক্তরাষ্ট্রে শাকিব-বুবলীর অবকাশ যাপন প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, “কী অনুভূতি বলব। মানুষ মানুষকে না-ই চিনতে পারে। এটা অস্বাভাবিক কিছু নয়। যেমন ধরুন, আপনি আমাকে ভালোবাসতে পারেন, কিন্তু সিফাতকে না-ও ভালোবাসতে পারেন। আবার এমনও হতে পারে, আপনি সিফাতকে ভালোবাসেন, আমাকে নয়। এটাই বাস্তবতা।”

 

opu-2-Dhaka Prokah News-04-08-2025.jpg
ছবি: সংগৃহীত

শাকিব খান প্রসঙ্গে প্রশ্ন এলে অপু বলেন, “আমি ১৫ জুন একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলাম। যদি কেউ সেটা না পড়ে থাকেন তবে আজকে অবশ্যই পড়ে নিতে পারেন। তাহলেই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।”

তিনি আরও বলেন, “ব্যক্তিগত সম্পর্কের বাইরেও আমাদের মধ্যে পেশাদার সম্পর্ক আছে। আমরা সবাই প্রফেশনাল আর্টিস্ট। তাই সবাইকে সম্মান করি।”

মা হিসেবে সন্তানের ভবিষ্যৎ নিয়েও মন্তব্য করেন অপু বিশ্বাস। তিনি বলেন, “আমি অভিনেত্রী হিসেবে সফলতা পেয়েছি, কিন্তু মা হিসেবে সেদিনই সফল হব যেদিন আব্রামকে একজন সৎ, শিক্ষিত ও মানবিক মানুষ হিসেবে সমাজের সামনে উপস্থাপন করতে পারব।”

ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অপু বিশ্বাস বলেন, “ভক্ত-দর্শকদের কাছে আমি অনেক ভালোবাসা পেয়েছি। তারা যেন সব সময় সেই ভালোবাসা ও দোয়ার মধ্যে আমাকে রাখেন।”

উল্লেখ্য, শাকিব খান ব্যক্তিগত জীবনে দুই চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীকে বিয়ে করেছিলেন। পরে দুজনের সঙ্গেই তাঁর বিচ্ছেদ হয়। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যায়, তিনি মাঝে মাঝেই দুই সন্তান ও দুই প্রাক্তন স্ত্রীকেই সময় দিয়ে থাকেন। এই মুহূর্তে তিনি বুবলীকে নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।