বিনোদন

“তুই কি জানিস আল্লাহ তোকে ও তোর দেশকে ভাগ করবে” ওমর সানির ভারতবিরোধী স্ট্যাটাস


বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৪ পিএম

“তুই কি জানিস আল্লাহ তোকে ও তোর দেশকে ভাগ করবে” ওমর সানির ভারতবিরোধী স্ট্যাটাস
চলচ্চিত্র অভিনেতা ওমর সানি। ছবি: সংগৃহীত

এশিয়া কাপে ভারতের বিপক্ষে বাংলাদেশের পরাজয়ের পর সোশ্যাল মিডিয়ায় নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ খেলোয়াড়দের ভুল নিয়ে বিশ্লেষণ করছেন, কেউ ভারতের শক্তিমত্তার প্রশংসা করছেন, আবার অনেকেই প্রায় জেতা ম্যাচটি হারার কষ্ট শেয়ার করছেন।

তবে এর মাঝেই ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ওমর সানি ফেসবুকে একটি স্ট্যাটাস নিয়ে আলোচনার জন্ম দিয়েছেন। মুহূর্তেই সেটি ভাইরাল হয়ে যায় এবং নেটিজেনদের মধ্যে তীব্র আলোচনা-সমালোচনার সৃষ্টি করে।

স্ট্যাটাসে ভারতকে উদ্দেশ করে ওমর সানি লেখেন— “জিতে লাভ কি, তোর প্রতি কোনো শ্রদ্ধা নাই, সম্মান নাই, কি লাভ। পার্শ্ববর্তী দেশ, ইতিহাস একদিন তোকে ঘৃণা করবে, আমরা থাকবো না। তুই কি আনন্দ করছিস? তুই কি জানিস আল্লাহ তোকে এবং তোর দেশকে ভাগ করবে। I love Bangladesh”

ওমর সানির এই মন্তব্যে সরাসরি ভারতের প্রতি ক্ষোভ প্রকাশ পেলেও তিনি বাংলাদেশের প্রসঙ্গ তুলেননি। তার বক্তব্যে বোঝা যায়, ভারতের ভবিষ্যতে বিভক্ত হওয়ার সম্ভাবনা নিয়েই তিনি মন্তব্য করেছেন।

 

sani-2-Dhaka Prokah News-25-09-2025.jpg
চলচ্চিত্র অভিনেতা ওমর সানি। ছবি: সংগৃহীত

এই স্ট্যাটাসকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই একে দেশপ্রেমের আবেগ হিসেবে দেখছেন, অন্যদিকে অনেকে মনে করছেন—ক্রীড়াঙ্গনের বিষয়কে কেন্দ্র করে পার্শ্ববর্তী দেশ সম্পর্কে এভাবে কড়া ভাষায় কথা বলা অনুচিত। বিশেষত, একজন জনপ্রিয় অভিনেতার এমন মন্তব্য আন্তর্জাতিক সম্পর্কের প্রেক্ষাপটে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

একজন ব্যবহারকারী লিখেছেন—“খেলার পর হতাশা থেকে রাগ প্রকাশ করা স্বাভাবিক, কিন্তু অন্য দেশের প্রতি এমন কঠোর ভাষা ব্যবহার ঠিক হয়নি।” আবার আরেকজন মন্তব্য করেন—“তিনি অন্তরের আবেগ থেকে বলেছেন, তবে প্রকাশভঙ্গি অনেকটা কঠিন হয়ে গেছে।”

এদিকে এ বিষয়ে এখন পর্যন্ত ওমর সানি বা তার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি।