বিনোদন

সালমান খানের বাড়িতে যাতায়াত রয়েছে জয়া আহসানের


বিনোদন ডেস্ক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ০৪:০৪ পিএম

সালমান খানের বাড়িতে যাতায়াত রয়েছে জয়া আহসানের
সালমান খান ও জয়া আহসান। ছবি: সংগৃহীত

দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও শক্ত অবস্থান তৈরি করেছেন বাংলাদেশের গর্ব, গুণী অভিনেত্রী জয়া আহসান। টালিউডে নিজের অভিনয়ের ছাপ রাখার পর এবার বলিউডেও তার অবস্থান বেশ দৃঢ়। বলিউডের অনেক তারকার সঙ্গেই রয়েছে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এমনকি পারিবারিক ঘনিষ্ঠতাও।

সম্প্রতি এক পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে জয়া আহসান জানিয়েছেন, তাকে বলিউডের অন্যতম জনপ্রিয় নির্মাতা করণ জোহর অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন। প্রস্তাবটি ছিল ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবির জন্য। তবে কিছু ব্যক্তিগত কারণে চরিত্রটি করা সম্ভব হয়নি বলে জানান এই তারকা।

jaya-ahsan_Dhakaprokash.jpg

জয়া বলেন, “হ্যাঁ, প্রস্তাবটি পেয়েছিলাম। কিন্তু সেই চরিত্রটা আর করা হয়নি।”

তবে এই ব্যস্ততা বা প্রস্তাব প্রত্যাখ্যানের মধ্যেও বলিউড তারকাদের সঙ্গে তার সুসম্পর্কের গল্প থেমে নেই। একবার ক্রিকেট বিশ্বকাপের একটি ম্যাচ উপভোগ করেন অভিষেক বচ্চন ও অমিতাভ বচ্চনের পাশে বসে। এছাড়া আইসিসি বিশ্বকাপ চলাকালে দেখা হয়েছিল অভিনেতা ফারহান আখতারের সঙ্গেও।

salman_khan1_Dhakaprokash.jpg

আরও চমকপ্রদ তথ্য হলো, জয়া আহসান আমন্ত্রণ পেয়েছিলেন বলিউড সুপারস্টার সালমান খানের বাড়িতেও। জয়া জানান, সালমান খানের বাবা, প্রবীণ চিত্রনাট্যকার সেলিম খান তাকে অত্যন্ত স্নেহ করেন। বলিউড অভিনেত্রী বিদ্যা বালান-ও জয়াকে ফোন করেছিলেন একটি ছবি দেখে।

তবে এতসব তারকাদের সঙ্গে ওঠাবসা থাকলেও, সামাজিক মাধ্যমে কখনও তা প্রকাশ করেন না জয়া। তার ভাষ্য, “তারকাদের সঙ্গে ছবি দিলে সেটা ‘শো অফ’ মনে হতে পারে। তাই আমি সে পথে হাঁটি না।”