বিনোদন
গাজার দুর্ভিক্ষ দেখে মন কাঁদছে 'হাল্ক' অভিনেতা মার্ক রাফালোর
গাজায় চলমান মানবিক সংকটে ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেছেন মার্কিন অভিনেতা ও হলিউড তারকা মার্ক রাফালো, যিনি ‘হাল্ক’ চরিত্রে বিশ্বজুড়ে পরিচিত। এই সংকটকে তিনি ‘প্রাকৃতিক নয়, বরং মানুষের সৃষ্টি করা ভয়াবহতা’ হিসেবে বর্ণনা করেছেন এবং তা বন্ধে বিশ্বনেতাদের দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে দেওয়া এক ভিডিও বার্তায় রাফালো বলেন, “এটা খরা নয়, বন্যাও নয়— এটা কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়। গাজায় যা হচ্ছে, তা পরিকল্পিতভাবে সংঘটিত এক মানবসৃষ্ট বিপর্যয়। ইসরায়েলি সেনারা ইচ্ছাকৃতভাবে সাধারণ মানুষকে লক্ষ্যবস্তুতে পরিণত করছে।”

তিনি আরও বলেন, “আপনারা কি গাজাকে অনাহারে মরতে দেবেন? দয়া করে চুপ থাকবেন না। আওয়াজ তুলুন। যতদিন না সেখানে ন্যায়ের ভিত্তিতে শান্তি ফিরে আসে, ততদিন থেমে যাবেন না।”
রাফালো জানিয়েছেন, গাজায় চলমান সহিংসতায় নিহতদের মধ্যে ৮০ শতাংশই সাধারণ মানুষ, যার মধ্যে বিপুল সংখ্যক শিশু রয়েছে। তিনি এই পরিস্থিতিকে “পাগলামি” ও “হৃদয়বিদারক” বলে আখ্যা দেন।

বিশ্বনেতাদের সরাসরি উদ্দেশ করে ‘অ্যাভেঞ্জার্স’ খ্যাত এই অভিনেতা বলেন, “আপনারা বলেন, যুদ্ধ থামাতে চান, ক্ষুধার্তদের বাঁচাতে চান তাহলে কিছু করুন। জার্মানি কিছু করুন, ইউরোপ কিছু করুন, যুক্তরাজ্য কিছু করুন। আর কত মৃত্যু দেখলে আপনাদের বিবেক জাগবে?”
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে গাজায় ৬২ হাজার ৭০০-এর বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। যুদ্ধের তাণ্ডবে বিধ্বস্ত এই উপত্যকায় এখন চরম খাদ্যসংকট ও দুর্ভিক্ষ চলছে। শিশুদের একটি বড় অংশ অপুষ্টি ও অনাহারে মৃত্যুর মুখে।