বিনোদন

অবশেষে অস্কারে সম্মানিত হলেন টম ক্রুজ


বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ০৬:৪৭ পিএম

অবশেষে অস্কারে সম্মানিত হলেন টম ক্রুজ
টম ক্রুজ। ছবি: সংগৃহীত

হলিউডের সুপারস্টার টম ক্রুজ এবার পেলেন বহুল সম্মানিত সম্মানসূচক অস্কার। রোববার (১৬ নভেম্বর) রাতের লস অ্যাঞ্জেলেস হয়ে উঠেছিল তারকার উচ্ছ্বাসে মুখর। গভর্নরস অ্যাওয়ার্ডের মঞ্চে ক্রুজের হাতে এ সম্মান তুলে দেন অস্কারজয়ী নির্মাতা আলেহান্দ্রো গনসালেস ইনারিতু। খবর বিনোদনভিত্তিক মাধ্যম ভ্যারাইটি’র।

টম ক্রুজের পাশাপাশি এবার সম্মানসূচক অস্কার পেয়েছেন আরও তিন বিশিষ্ট শিল্পী- দীর্ঘ ক্যারিয়ারে নৃত্য-সংগীত-অভিনয়কে একসূত্রে বেঁধে রাখা ডেবি অ্যালেন, কান্ট্রি সংগীতের তারকা ডলি পার্টন এবং খ্যাতনামা প্রোডাকশন ডিজাইনার উইন থমাস।

পুরস্কার হাতে নিয়ে আবেগঘন কণ্ঠে টম ক্রুজ বলেন, “সিনেমাই আমাকে পৃথিবীর সঙ্গে যুক্ত করেছে। নতুন অভিজ্ঞতা, ভিন্ন সংস্কৃতি ও মানুষের গল্পকে উপলব্ধি করতে সাহায্য করেছে। থিয়েটারে দর্শকরা যেখানে থাকেন না কেন- আমরা একসঙ্গে হাসি, কান্না করি, স্বপ্ন দেখি। আর সেই কারণেই এই শিল্প আমার জীবন, আমার পরিচয়ের অংশ।”

tom_cruise1_Dhakaprokash.jpg

অ্যাকাডেমির সভাপতি জ্যানেট ইয়াং এক বিবৃতিতে বলেন- “এই শিল্পীদের সম্মান জানাতে পারা আমাদের সৌভাগ্য। ডেবি অ্যালেন নৃত্য ও অভিনয়ের জগতে সত্যিকারের পথিকৃৎ। আর টম ক্রুজের সিনেমাগুলো, তার স্টান্ট, তার থিয়েট্রিক্যাল অভিজ্ঞতা পুরো বিশ্বের দর্শককে মুগ্ধ করেছে।”

টম ক্রুজের ক্যারিয়ারে এটি প্রথম অস্কার জয় হলেও মনোনয়ন পেয়েছেন তিনি চারবার। ‘বর্ন অন দ্য ফোর্থ অব জুলাই’ এবং ‘জেরি ম্যাগুয়ার’ তাকে এনে দেয় সেরা অভিনেতার মনোনয়ন। ‘ম্যাগনোলিয়া’য় পার্শ্ব অভিনেতা হিসেবে মনোনয়ন পান তিনি। সর্বশেষ ‘টপ গান: ম্যাভেরিক’-এ প্রযোজক হিসেবে অস্কারের দৌড়ে ছিলেন ক্রুজ। কিন্তু এতদিন কোনো অস্কার না পেলেও সম্মানসূচক অস্কার যেন তার দীর্ঘ ক্যারিয়ারের নতুন এক স্বীকৃতি।