বিনোদন
মাতাল অবস্থায় উবার চালককে মারধর, ফের নোবেল আটক (ভিডিও)
নারী নির্যাতনের মামলায় গ্রেপ্তার, কারাবাস এবং পরে অভিযোগকারী নারীকে বিয়ে করে আলোচনায় আসা কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল ফের বিতর্কের জন্ম দিয়েছেন।
সর্বশেষ শনিবার (১৯ জুলাই) মধ্যরাতে রাজধানীর কল্যাণপুর এলাকায় মাতাল অবস্থায় উবার চালকের সঙ্গে মারধরের ঘটনায় তাকে আটক করেছে মিরপুর মডেল থানা পুলিশ।
ঘটনার বিষয়ে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমান গণমাধ্যমকে জানান, "নোবেলকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তার বক্তব্য গ্রহণের পর পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।"
প্রত্যক্ষদর্শী ও থানা সূত্র জানায়, ঘটনার দিন গভীর রাতে উবার অ্যাপ ব্যবহার করে একটি প্রাইভেটকার ভাড়া করেন নোবেল। তার সঙ্গে ছিলেন স্ত্রী সালসাবিল মাহমুদ। তারা হাবুলের পুকুরপাড় এলাকায় পৌঁছালে, গন্তব্যে পৌঁছার পরও নোবেল গাড়ি থেকে নামতে অস্বীকৃতি জানান। এরপর তিনি অস্বাভাবিক আচরণ শুরু করেন এবং গাড়িচালককে উদ্দেশ করে গালাগালি করতে থাকেন।
একপর্যায়ে তর্কে জড়ান উবার চালক আকবর হোসেনের সঙ্গে। উত্তেজনার বশে নোবেল চালককে মারধর করেন। ঘটনাস্থলে উপস্থিত লোকজন পরিস্থিতি বুঝতে পেরে জড়ো হয়ে নোবেলকে ধাওয়া দেয়। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ এসে নোবেল, তার স্ত্রী এবং গাড়িচালককে থানায় নিয়ে যায়। মধ্যরাত পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি বলে জানা গেছে।
উল্লেখ্য, এর আগে গত ২০ মে নারী নির্যাতনের অভিযোগে নোবেলকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ১৯ জুন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অভিযুক্ত নারী সালসাবিল মাহমুদের সঙ্গে তার বিয়ে সম্পন্ন হয়। ২৪ জুন আদালত থেকে জামিন পান তিনি। সেই রেশ কাটতে না কাটতেই ফের এই ঘটনা তাকে বিতর্কের কেন্দ্রে নিয়ে এসেছে।