বিনোদন

ছেলেদের ইসলামিক পড়াশোনার কারণে চলচ্চিত্র ছাড়ার ইঙ্গিত অনন্ত জলিলের


বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ০৩:৫৩ পিএম

ছেলেদের ইসলামিক পড়াশোনার কারণে চলচ্চিত্র ছাড়ার ইঙ্গিত অনন্ত জলিলের
জনপ্রিয় নায়ক ও প্রযোজক অনন্ত জলিল। ছবি: সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক ও প্রযোজক অনন্ত জলিল জানিয়েছেন, তার দুই ছেলে ইসলামিক পড়াশোনায় মনোনিবেশ করায় তিনি হয়তো চলচ্চিত্রের ক্যারিয়ারকে বিদায় জানাবেন।

একটি সাক্ষাৎকারে তিনি বলেন, হাতে থাকা কাজগুলো শেষ করে তিনি চলচ্চিত্র ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন।

অনন্ত জলিল বলেন, “আমার দুই ছেলে আছে। আলহামদুলিল্লাহ, বড় ছেলে এখন ৮ পারা কোরআনের হাফেজ। ছোট ছেলেও কোরআন রিডিং খতম করেছে এবং দ্বিতীয়বার পড়ছে। একজনের বয়স সাড়ে সাত বছর, আরেকজনের বয়স সাড়ে দশ বছর। আমরা যখন প্রথম জানতে পারি বর্ষা প্রেগন্যান্ট, তখন থেকেই নিয়ত করি আমাদের সন্তানদের মুফতি বানাবো এবং একসময় তাদের মদিনায় পড়াশোনার জন্য পাঠাবো।”

 

ananto-2-Dhaka Prokah News-24-08-2025.jpg
জনপ্রিয় নায়ক ও প্রযোজক অনন্ত জলিল। ছবি: সংগৃহীত

তিনি জানান, তার সন্তানরা বর্তমানে মানারায় পড়াশোনা করছে, যেখানে ইংলিশ মিডিয়ামের পাশাপাশি ইসলামিক শিক্ষার ব্যবস্থাও আছে। “ওরা জোহরের নামাজ শেষে স্কুল থেকে ছুটি পায়। এরপর বাসায় শিক্ষক আসে এবং তারপর ওরা মাদ্রাসায় যায়। ওরা আমাদের চেয়েও বেশি ব্যস্ত,” বলেন অনন্ত।

পরিবার ও সন্তানদের ইচ্ছার প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি আরও বলেন, “যেহেতু আমার সন্তানরা ইসলামিক লাইন ও জেনারেল লাইনে পড়াশোনা করছে, তাই তাদের মা সিনেমা করবে—এটা হয়তো ওরা পছন্দ করবে না। আমিও চাই না, আমার সন্তানরা ইসলামিক শিক্ষায় বড় হবে আর আমি সিনেমা করব। এটা ভালো দেখায় না। তাই হাতে থাকা ছবিগুলো শেষ করার পর হয়তো চলচ্চিত্র ছাড়ার সিদ্ধান্ত নেব।”

অনন্ত জলিল এ সময় আরও জানান, তার অভিনীত ‘নেত্রী দ্য লিডার’ ছবির প্রায় ৭০ শতাংশ কাজ শেষ হয়েছে এবং শিগগিরই ছবিটি মুক্তির অপেক্ষায় আছে।