বিনোদন
মিথিলাকে নিয়ে সৃজিতের পোস্ট, নতুন গুঞ্জন শুরু
রাফিয়াত রশিদ মিথিলা নামটাই যেন বহু পরিচয়ের এক প্রতিচ্ছবি। অভিনেত্রী, পেশাজীবী, মা এবং শিক্ষার্থী সব পরিচয়ের ভার কাঁধে নিয়েও তিনি একের পর এক অর্জনে চমকে দিচ্ছেন সবাইকে। এবার সেই তালিকায় যুক্ত হলো আরেকটি মুকুট- ডক্টরেট ডিগ্রি।
সুইজারল্যান্ডের জেনেভা বিশ্ববিদ্যালয় থেকে ‘আর্লি চাইল্ডহুড এডুকেশন’ বিষয়ে পিএইচডি সম্পন্ন করেছেন তিনি। এর ফলে নামের আগে যুক্ত হয়েছে ‘ড. রাফিয়াত রশিদ মিথিলা’।

শুধু অভিনয়ে নয়, শিক্ষাক্ষেত্রেও মিথিলা বরাবরই ছিলেন মেধাবী। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর শেষে ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় মাস্টার্সে সিজিপিএ ৪-এর মধ্যে ৪ পেয়ে অর্জন করেন চ্যান্সেলর গোল্ড মেডেল। আর পিএইচডি ডিগ্রির মাধ্যমে তার সেই নিরন্তর পরিশ্রমের আরেকটি মাইলফলক গড়লেন তিনি।
এই অর্জনের খবর ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যমে প্রশংসার জোয়ার। আর সেই স্রোতে অংশ নেন তার স্বামী, ওপার বাংলার খ্যাতনামা পরিচালক সৃজিত মুখার্জি। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে মিথিলার একটি ছবি শেয়ার করে সৃজিত লেখেন, “অবিশ্বাস্য অর্জন, অভিনন্দন!” এই কয়েকটি শব্দেই যেন ধরা দিলো গর্ব, ভালোবাসা এবং সম্মান।

তবে সৃজিতের এই পোস্ট ঘিরেই নতুন করে আলোচনার জন্ম নিয়েছে। কারণ, বিগত কিছু মাস ধরে শোনা যাচ্ছিল—মিথিলা ও সৃজিতের দাম্পত্যে নাকি ছন্দপতন ঘটেছে। একসঙ্গে দেখা না যাওয়ায় এবং পারস্পরিক দূরত্ব নিয়ে নানা গুঞ্জন দানা বাঁধছিল দুই বাংলার বিনোদন অঙ্গনে। ফলে, হঠাৎ করে এমন আন্তরিক শুভেচ্ছা বার্তা আবারও প্রশ্ন তুলেছে—তবে কি সম্পর্কে নতুন মোড়?
প্রসঙ্গত, ২০১৯ সালে গায়ক তাহসানের সঙ্গে বিচ্ছেদের পর কলকাতার পরিচালক সৃজিত মুখার্জিকে বিয়ে করেন মিথিলা। বর্তমানে তিনি মেয়েসহ ঢাকাতেই অবস্থান করছেন। সম্পর্কের টানাপড়েন নিয়ে মিথিলা বা সৃজিত কেউই এখন পর্যন্ত মুখ খোলেননি।