বিনোদন

আমি কাঁদছি, সত্যি বলতে এখন বুঝতে পারছি না কী বলব: মিথিলা


বিনোদন ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ০৯:৪৪ পিএম

আমি কাঁদছি, সত্যি বলতে এখন বুঝতে পারছি না কী বলব: মিথিলা
তানজিয়া জামান মিথিলা। ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রতিনিধি হিসেবে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য ‘মিস ইউনিভার্স ২০২৫’ প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। বিশ্বসেরা এই আসরে বাংলাদেশকে তুলে ধরতে গিয়ে ইতোমধ্যেই ইতিহাস গড়েছেন তিনি-  দর্শকভোটে বিশ্বের সেরা পাঁচে জায়গা করে নিয়েছেন মিথিলা।

বর্তমানে তিনি অবস্থান করছেন থাইল্যান্ডে। সেখান থেকেই সোমবার (১১ নভেম্বর) নিজের অফিশিয়াল ফেসবুক পেজে এক আবেগঘন পোস্ট শেয়ার করেছেন এই বাংলাদেশি তারকা।

mithiila1_Dhkaprokash.jpg

“আমি কাঁদছি... সত্যি বলতে এখন বুঝতে পারছি না কী বলব। তোমাদের অমূল্য ৭৩,০০০ ভোটে আমরা এখন বিশ্বের ৫ নম্বরে! সবাইকে কীভাবে ধন্যবাদ জানাব, তা ভাষায় প্রকাশ করতে পারছি না।”

পোস্টে তিনি পরিবার, বন্ধু, গণমাধ্যমকর্মী এবং মিস ইউনিভার্স বাংলাদেশ টিম-এর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “আমি তোমাদের সবাইকে ভালোবাসি। বাংলাদেশে মুকুটটি আনার জন্য এবার একসঙ্গে কাজ করি।”

মিথিলার এই বার্তা মুহূর্তেই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তার পোস্টটি শেয়ার করেছেন নায়িকা তমা মির্জা, ইউটিউবার সালমান মুক্তাদির, অভিনেত্রী সামিরা খান মাহি, হৃদি শেখ এবং সংগীতশিল্পী শেখ সাদীসহ অনেক তারকা।

mithiila2_Dhkaprokash.jpg

থাইল্যান্ডে চলছে ‘মিস ইউনিভার্স’-এর ৭৪তম আসর। বিভিন্ন প্রাথমিক পর্বে বাংলাদেশের এই প্রতিনিধি ঝলমলে উপস্থিতি ও আত্মবিশ্বাসী পারফরম্যান্সে নজর কাড়ছেন সবাইকে। এরই মধ্যে একাধিক ক্যাটাগরিতে টপ ফাইভ-এ স্থান পেয়েছেন মিথিলা। আন্তর্জাতিক পেজেন্ট বিশ্লেষকদের মতে, এবারের প্রতিযোগিতায় ভারত ও বাংলাদেশের প্রতিনিধি দুজনেই শীর্ষ অবস্থানে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি।

এটি নিঃসন্দেহে বাংলাদেশের জন্য বড় একটি অর্জনের ইঙ্গিত বহন করছে।

উল্লেখ্য, তানজিয়া জামান মিথিলা চলতি বছরের সেপ্টেম্বরে ‘ফ্লোরাব্যাংক মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’-এর মুকুট জেতেন। এর আগে ২০২০ সালেও তিনি একই খেতাব অর্জন করেছিলেন। তবে করোনাভাইরাস মহামারির কারণে সেই বছর আন্তর্জাতিক পর্বে অংশ নিতে পারেননি।

মিথিলা শুধু একজন মডেল বা অভিনেত্রী নন, বরং বাল্যবিবাহবিরোধী প্রচারণা ও সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে কাজের জন্যও তিনি প্রশংসিত।

২০২৫ সালে পুনরায় মুকুট জিতে এবং আন্তর্জাতিক আসরে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করে মিথিলা যেন আবারও নতুন ইতিহাস গড়লেন।