বিনোদন

বিয়ের পরও রেহাই পাচ্ছেন না গায়ক নোবেল: ধর্ষণ মামলায় অভিযোগপত্র দাখিল


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ০২:৫৬ পিএম

বিয়ের পরও রেহাই পাচ্ছেন না গায়ক নোবেল: ধর্ষণ মামলায় অভিযোগপত্র দাখিল
গায়ক নোবেল ও তার বর্তমান স্ত্রী ইলামনি। ছবি: সংগৃহীত

বিয়ের শর্তে জামিন পেলেও শেষ রক্ষা হলো না বিতর্কিত গায়ক মাইনুল আহসান নোবেলের। ইডেন কলেজের এক ছাত্রীকে বাসায় আটকে রেখে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগের সত্যতা পাওয়ায় নোবেলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে পুলিশ।

সোমবার (১৫ ডিসেম্বর) নারী ও শিশু নির্যাতন দমন প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) ইলামনি এই তথ্য নিশ্চিত করেছেন।  

জানা যায়, গত ২৯ নভেম্বর ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) মুরাদ হোসেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে অভিযোগপত্রটি দাখিল করেন।

অভিযোগপত্রটি আগামী ২৮ ডিসেম্বর আদালতে উপস্থাপন করা হবে। এরপর মামলাটি বিচারের জন্য নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাঠানো হবে।

অভিযোগপত্রে বলা হয়, ২০২৪ সালের ১২ নভেম্বর নোবেল ওই ছাত্রীকে স্টুডিও দেখানোর কথা বলে ডেমরার বাসায় নিয়ে যান। সেখানে তাকে মোবাইল ও টাকাসহ আটকে রেখে ধর্ষণ করেন এবং এর ভিডিও ধারণ করে রাখেন। এরপর ওই তরুণীকে প্রায় ছয় মাস ধরে বাসায় আটকে রাখা হয় এবং নোবেল নেশাগ্রস্ত অবস্থায় প্রায়ই তাকে মারধর করতেন। ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে নোবেল ওই ছাত্রীকে তার কথামতো চলতে বাধ্য করতেন।

মামলার বাদী ওই ছাত্রীকে নোবেল গত ১৯ জুন কেন্দ্রীয় কারাগারে বসে ১০ লাখ টাকা দেনমোহরে বিয়ে করেন। বর্তমানে তারা সংসারও করছেন।

নোবেলের আইনজীবী মোসতাক আহমেদ দাবি করেছেন, যেহেতু নোবেল বাদীকে বিয়ে করেছেন এবং বর্তমানে তাদের সংসার চলছে, তাই বিচারিক ট্রাইব্যুনালে বাদী আপসনামা দিলে নোবেল খালাস পাবেন।

তবে আইনি বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ অনুযায়ী ধর্ষণ একটি অ-আপসযোগ্য অপরাধ। সেক্ষেত্রে, বাদী বিয়ে করলেও এই মামলা থেকে নোবেলের আইনি রেহাই পাওয়ার সম্ভাবনা কম। অভিযোগ প্রমাণিত হলে তার সাজা হতে পারে।

তদন্ত কর্মকর্তা অভিযোগপত্রে উল্লেখ করেছেন, বাদীকে মারধর ও ধর্ষণে নোবেলকে আরও কয়েকজন সহযোগিতা করেছেন। যদিও তাদের নাম-ঠিকানা এখনো উদ্‌ঘাটন করা সম্ভব হয়নি। ভবিষ্যতে তাদের পরিচয় সংগ্রহ করা সম্ভব হলে সম্পূরক অভিযোগপত্র দেওয়া হবে বলেও জানানো হয়েছে। নোবেল বর্তমানে জামিনে আছেন।