বিনোদন
কণ্ঠশিল্পী মমতাজের ঢাকা-মানিকগঞ্জের চার বাড়িসহ পূর্বাচলের প্লট জব্দের নির্দেশ
আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তার ঢাকা ও মানিকগঞ্জে থাকা চারটি বাড়ি এবং পূর্বাচলের একটি প্লট জব্দের নির্দেশ দিয়েছে আদালত। এটি দুদকের (দুর্নীতি দমন কমিশন) চলমান তদন্তের অংশ হিসেবে নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পর এই নির্দেশ দেন।
আদালতের তথ্য অনুযায়ী, জব্দকৃত সম্পত্তির মধ্যে ঢাকার মহাখালী ডিওএইচএস এলাকায় একটি পাঁচতলা বাড়ি, মানিকগঞ্জের সিংগাইরে দুটি দুইতলা বাড়ি, মানিকগঞ্জ সদর এলাকায় একটি চারতলা বাড়ি এবং পূর্বাচলে ৯ কাঠা জমি রয়েছে। এছাড়া মানিকগঞ্জে ৫ শতাংশ, সিংগাইরে ৭ শতাংশ এবং সিংগাইরের আরেক স্থানে ৪১২.৫১ শতাংশ জমিও জব্দের আওতায় এসেছে। পৈতৃক সূত্রে থাকা মানিকগঞ্জের একটি দুইতলা বাড়ি বাদে বাকি সম্পত্তির মোট আনুমানিক মূল্য ১১ কোটি ৮১ লাখ ৭৩ হাজার ৫৮৪ টাকা।
দুদকের পক্ষে উপপরিচালক মোহাম্মদ সিরাজুল ইসলাম আদালতে জানান, মমতাজ বেগম এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগে তদন্ত চলছে। সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে এসব সম্পত্তি জব্দ করা প্রয়োজন।
গত বছরের ১৩ মে ধানমন্ডি এলাকা থেকে মমতাজকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি হত্যাচেষ্টা এবং দুর্নীতিসহ একাধিক মামলায় কারাগারে রয়েছেন।