বিনোদন
দীর্ঘ গুঞ্জনের অবসান, কাল বিয়ে করছেন জেফার-রাফসান!
দীর্ঘদিন ধরে শোবিজ অঙ্গনে আলোচিত প্রেমের গুঞ্জনের অবসান ঘটিয়ে আগামীকাল বুধবার বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন কণ্ঠশিল্পী জেফার রহমান ও জনপ্রিয় উপস্থাপক রাফসান সাবাব। বহুদিনের কানাঘুষা ও জল্পনার পর তাদের সম্পর্ক অবশেষে আনুষ্ঠানিক রূপ পাচ্ছে।
প্রায় এক বছর ধরে জেফার ও রাফসানের প্রেমের গুঞ্জন শোনা গেলেও বিষয়টি নিয়ে দুজনই ছিলেন বরাবরের মতো নীরব। গণমাধ্যম বা সামাজিক যোগাযোগমাধ্যমে তারা একে অপরকে শুধু ভালো বন্ধু হিসেবেই পরিচয় দিয়েছেন। ব্যক্তিগত জীবন প্রকাশ্যে আনতে অনাগ্রহী এই জুটি এবার সব আলোচনা-সমালোচনার ইতি টানতে যাচ্ছেন বিয়ের মাধ্যমে।
ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, ঢাকার আমিনবাজারের একটি রিসোর্টে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। সেখানে দুই পরিবারের সদস্যদের পাশাপাশি শোবিজ অঙ্গনের কণ্ঠশিল্পী, অভিনয়শিল্পী ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিত থাকার কথা রয়েছে। ইতোমধ্যে আমন্ত্রিতদের কাছে বিয়ের কার্ডও পৌঁছে গেছে। যদিও এ বিষয়ে জানতে চাইলে এখনো পর্যন্ত গায়িকা জেফার রহমান কোনো মন্তব্য করেননি।

দীর্ঘদিনের বন্ধুত্ব থেকেই জেফার ও রাফসানের পরিচয় ও ঘনিষ্ঠতা। সময়ের সঙ্গে সেই সম্পর্ক গভীর হয়ে বিয়ের সিদ্ধান্তে গড়িয়েছে বলে জানান ঘনিষ্ঠজনরা। রাফসানের আগের সংসার ভাঙার খবর প্রকাশ্যে আসার পর থেকেই তাদের সম্পর্ক নিয়ে আলোচনা আরও জোরালো হয়। পরবর্তী সময়ে দেশে ও দেশের বাইরে বিভিন্ন স্থানে তাদের একসঙ্গে দেখা যাওয়ায় গুঞ্জন ছড়িয়ে পড়ে দ্রুত।
গত বছরের মাঝামাঝি থাইল্যান্ডে তাদের একসঙ্গে দেখা যায়। ব্যাংককের সিয়াম প্যারাগন শপিংমলে তোলা কিছু ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তাদের সম্পর্ক নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। সে সময় এক সাক্ষাৎকারে রাফসানের সঙ্গে সম্পর্কের বিষয়ে প্রশ্ন করা হলে জেফার জানান, এসব গুঞ্জন নিয়ে তার বলার কিছু নেই।
তিনি তখন আরও বলেছিলেন, বিয়ে হোক বা না হোক, মানুষ তার ব্যক্তিগত জীবন ও সম্পর্ক নিয়ে নানা কথা বলে। তাই এসব বিষয়ে মন্তব্য না করাই তার পছন্দ। ব্যক্তিগত জীবন গোপন রাখতেই তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন বলেও জানান।
সব আলোচনা ও জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে কাল শুভ পরিণয়ে মিলিত হচ্ছেন জেফার ও রাফসান।