বিনোদন
আর্থিক সংকটে সিনেমাকে বিদায় জানালেন অনন্ত জলিল!
অভিনয়ের পাশাপাশি দেশের একজন প্রতিষ্ঠিত গার্মেন্টস ব্যবসায়ী অনন্ত জলিল বর্তমানে বড় ধরনের ব্যবসায়িক সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন। একসময় সাভারে প্রায় ১২ হাজার কর্মী নিয়ে বিশাল ফ্যাক্টরি পরিচালনা করলেও বর্তমানে সেখানে কর্মীর সংখ্যা নেমে এসেছে প্রায় ৪ হাজারে। ব্যবসায়িক এই সংকট কাটিয়ে ওঠার চেষ্টায় পুরো মনোযোগ দিচ্ছেন ব্যবসার দিকেই। এ পরিস্থিতিতে সিনেমাকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা ও প্রযোজক অনন্ত জলিল।
‘মোস্ট ওয়েলকাম’ ও ‘দিন দ্য ডে’খ্যাত এই নায়ক ও প্রযোজক জানান, ব্যবসার অবস্থা বর্তমানে এতটাই খারাপ যে অভিনয় নিয়ে ভাবার মতো পরিস্থিতি নেই। এমনকি পেন্ডিং থাকা সিনেমার কাজও শেষ করতে পারছেন না বলে জানান তিনি।
এ প্রসঙ্গে অনন্ত জলিল বলেন, ‘সিনেমা করলেও আমি কখনো সিনেমার জন্য পাগল ছিলাম না। আমি বিজনেস মাইন্ডের মানুষ। শুটিংয়ের ফাঁকেও ব্যবসার খোঁজ নিতাম। ব্যবসা ভালো অবস্থায় না ফেরা পর্যন্ত সিনেমায় ফেরা আমার জন্য ঠিক হবে না।’

তিনি আরও বলেন, ‘যখন কোনো কাজে সংকট আসে, তখন সেই কঠিন সময় কাটিয়ে ওঠার দিকেই মনোযোগ দেওয়া আমার স্বভাব। এখন ব্যবসা ভালো যাচ্ছে না। এই সময় সিনেমা নিয়ে পড়ে থাকলে সামনে আরও বড় সমস্যায় পড়তে হবে।’
এদিকে তার স্ত্রী ও চিত্রনায়িকা বর্ষাকেও আপাতত আর সিনেমায় দেখা যাবে না বলে জানান অনন্ত জলিল। সম্প্রতি তিনি নিজেই এ ঘোষণা দিয়েছেন। ফলে তাদের দুজনকে নিয়ে নির্মাণাধীন সিনেমাগুলোর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে।