বিনোদন
গুঞ্জন পেরিয়ে প্রেমের স্বীকৃতি দিলেন দিশা পাটানি
গত কয়েক সপ্তাহ ধরে চলা সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সামনে এল দিশা ও তলবিন্দর সিং সিধুর প্রেমের স্বীকৃতি। আর কোনো আড়াল নয়, কোনো অস্পষ্টতা নয়—পাঞ্জাবি গায়ক তলবিন্দর সিং সিধুর হাত ধরে জনসমক্ষে ধরা দিলেন দিশা।
দিশা ও তলবিন্দরের প্রেমের সূত্রপাত হয় চলতি মাসের শুরুতে, উদয়পুরে বলিউড অভিনেত্রী নূপুর শ্যাননের বিয়ের অনুষ্ঠানে। বিয়ের অতিথির ভিড়ে তখন উপস্থিত বলিউড ও সংগীত জগতের একাধিক পরিচিত মুখ। সেই ভিড়েই আলাদা করে নজরে পড়েন দিশা আর তলবিন্দর। দিশার পাশের মানুষটি তখনও অনেকের কাছে রহস্য।
এতদিন পর্যন্ত রঙে আঁকা মুখ, আড়ালের পরিচয়ই ছিল তলবিন্দরের নিজস্ব স্টাইল। সেই আড়ালই প্রথমবার সরে যায় নূপুরের বিয়ের একটি ভিডিওতে। দিশার পাশে দাঁড়িয়ে থাকা মানুষটির মুখ দেখে থমকে যায় নেট দুনিয়া। শুরু হয় প্রশ্ন–কে তিনি? দিশার সঙ্গে তাঁর সম্পর্কই বা কী? বিয়ের অনুষ্ঠান শেষ হলেও গুঞ্জন থামে না।
মুম্বাইয়ের জনপ্রিয় মিউজিক ফেস্টিভ্যাল 'লোলাপালুজা ইন্ডিয়া'র মঞ্চে তখন সুরের ঝংকার। আন্তর্জাতিক শিল্পী কেহলানির সঙ্গে গান গেয়ে মঞ্চ মাতাচ্ছিলেন তলবিন্দর। কিন্তু আসল চমক অপেক্ষা করছিল অনুষ্ঠানের শেষে। হাজারো মানুষের ভিড় আর ক্যামেরার ফ্ল্যাশ উপেক্ষা করে দিশার হাত শক্ত করে ধরে অনুষ্ঠানস্থল ছাড়তে দেখা যায় গায়ককে। তাদের চোখে-মুখে ছিল এক অদ্ভুত স্বস্তি, যা বলে দিচ্ছিল—গুঞ্জনগুলো আর নিছক গুঞ্জন নেই।
যিনি সবসময় রঙিন মুখোশ বা বিশেষ স্টাইলে নিজের মুখ ঢেকে রাখতে পছন্দ করতেন, সেই তলবিন্দর দিশার জন্যই যেন সব আড়াল সরিয়ে দিলেন। নূপুর শ্যাননের বিয়ের আসরে প্রথমবার তাকে বিনা মাস্কে দিশার পাশে দেখা যায়। এরপর উদয়পুর থেকে মুম্বাই ফেরা কিংবা রিসেপশনে একসাথে উপস্থিত হওয়া—সবই যেন এক সুতোয় গাঁথা ছিল।
এই ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই নেটিজেনদের মধ্যে চলছে চুলচেরা বিশ্লেষণ। কেউ বলছেন, "দিশার জীবনে নতুন বসন্ত এসেছে," আবার কেউবা তলবিন্দরের সাহসিকতার প্রশংসা করছেন। যদিও এই জুটি এখনো ইনস্টাগ্রামে অফিশিয়াল কোনো ঘোষণা দেননি, তবে হাজারো মানুষের মাঝে একে অপরের হাত ধরে হাঁটার চেয়ে বড় ঘোষণা আর কী-ই বা হতে পারে!
সব মিলিয়ে, বিটাউনের এই নতুন 'পাওয়ার কাপল' এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।