বিনোদন

 আজহারীকে ধন্যবাদ জানিয়ে চিত্রনায়িকা বর্ষার ফেসবুক পোস্ট


বিনোদন ডেস্ক
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ০৫:৫৪ পিএম

 আজহারীকে ধন্যবাদ জানিয়ে চিত্রনায়িকা বর্ষার ফেসবুক পোস্ট
ছবিঃ সংগৃহিত

জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারিকে ধন্যবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি হৃদয়স্পর্শী পোস্ট দিয়েছেন চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। সেখানে তিনি লিখেছেন, ড. আজহারির প্রকাশিত ‘এক নজরে কুরআন’ বইটি তার এবং তার পরিবারের জন্য কোরআন অধ্যয়নকে আরও সহজ ও আকর্ষণীয় করেছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে আজহারির লেখা বইটির কয়েকটি ছবি প্রকাশ করেন বর্ষা।

ক্যাপশনে লেখেন, আলহামদুলিল্লাহ, অনেক দিন ধরেই ‘এক নজরে কুরআন’ বইটি পড়ার ইচ্ছা ছিল। তিনটি বই অর্ডার করেছিলাম, আজ হাতে পেয়েছি আলহামদুলিল্লাহ। এর মধ্যে দুটি আমার বোনদের জন্য। বইটি কেবল শিক্ষামূলক নয়, বরং কোরআনের মূল বিষয়গুলো সংক্ষেপে সহজভাবে বোঝার সুযোগ করে দিয়েছে।

পোস্টে বর্ষা আরও লেখেন, জীবনে খুব বেশি কিছু জানা নেই, তবে এই বইটি পড়ে অনেক কিছু জানতে পারব ইনশাআল্লাহ। এরপর তিনি ড. মিজানুর রহমান আজহারীকে ধন্যবাদ জানিয়ে লেখেন- এই বইটি পড়ার সুযোগ করে দেওয়ার জন্য কৃতজ্ঞ। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে উত্তম প্রতিদান দেন।

উল্লেখ্য, ঢাকাই সিনেমার নায়িকা আফিয়া নুসরাত বর্ষা বর্তমানে শোবিজের কাজের চেয়ে ব্যক্তিজীবন ও ধর্মীয় চর্চায় বেশি সময় দিচ্ছেন। নিয়মিত ইবাদত পালনের পাশাপাশি ধর্মীয় বিষয়েও আগ্রহী তিনি। গত বছর ওমরাহ হজ পালন করতে মক্কায় গিয়ে ফেরার পরই একটি বড় সিদ্ধান্তের কথা জানান বর্ষা—তিনি আর সিনেমায় কাজ করবেন না। নায়িকার ভাষ্য ছিল, ভবিষ্যতে সন্তানরা বড় হবে, সেই কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। তাদের ঘরে রয়েছে দুই পুত্রসন্তান- আরিজ ইবনে জলিল ও আবরার ইবনে জলিল।