বিনোদন
প্রেমিকা কেটি পেরির সঙ্গে মাঠে বসে যুক্তরাষ্ট্রের ম্যাচ দেখলেন জাস্টিন ট্রুডো
কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো মার্কিন পপ তারকা কেটি পেরি–এর সঙ্গে লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে ফুটবল ম্যাচে দর্শক হিসেবে উপস্থিত ছিলেন। ভিআইপি বক্সে বসে তারা ম্যাচটি উপভোগ করেন বলে জানা গেছে।
কেটি পেরি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত একটি বড় ফুটবল ইভেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করেন। তার এই পারফরম্যান্স উপভোগ করতেই ট্রুডোর লস অ্যাঞ্জেলেস সফরের প্রধান কারণ ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। উদ্বোধনী আয়োজনে জাতীয় সংগীত পরিবেশনসহ বিশেষ সঙ্গীত পরিবেশনায় অংশ নেন এই বিশ্বখ্যাত শিল্পী।
পরে স্টেডিয়ামে যুক্তরাষ্ট্র ও প্যারাগুয়ের ম্যাচ চলাকালে দুজনকে একসঙ্গে ভিআইপি বক্সে বসে খেলা উপভোগ করতে দেখা যায়। তবে নিজের দেশের একটি গুরুত্বপূর্ণ ম্যাচে উপস্থিত না থেকে বিদেশের ম্যাচে অংশ নেওয়ায় কানাডীয় ফুটবল সমর্থকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে, বিশেষ করে এক্স (সাবেক টুইটার)-এ, অনেক ব্যবহারকারী ট্রুডোর সিদ্ধান্তের সমালোচনা করেন। তারা প্রশ্ন তোলেন—জাতীয় দলের গুরুত্বপূর্ণ ম্যাচে তার অনুপস্থিতি কতটা গ্রহণযোগ্য।
ট্রুডো ও কেটি পেরির সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয় ২০২৫ সালের মাঝামাঝি সময়ে। পরে ২০২৬ সালের জানুয়ারিতে সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামে তাদের একসঙ্গে দেখা যাওয়ার খবর সামনে আসে। এরপর চলতি বছরের ৮ জুন নিউইয়র্কের ট্রাইবেকা উৎসবে কেটি পেরির কনসার্টভিত্তিক চলচ্চিত্রের প্রিমিয়ারে তারা রেড কার্পেটে একসঙ্গে উপস্থিত হয়ে সম্পর্কের গুঞ্জন আরও জোরদার করেন।