বিনোদন
আমি চাই, আমার কোনো শত্রুও যেন এমন পরিস্থিতিতে না পড়ে: জয়া আহসান
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে কেন্দ্র করেই আজ (১০ জুলাই) প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে পরিচালক কৌশিক গাঙ্গুলীর নতুন সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’। ২০২৩ সালে প্রশংসিত ‘অর্ধাঙ্গিনী’-র সিক্যুয়েল হিসেবে নির্মিত এ ছবিতে আবারও সম্পর্ক, আবেগ এবং জীবনের জটিল দ্বন্দ্ব উঠে এসেছে।
প্রথম কিস্তিতে অভিনয়ের জন্য দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিলেন জয়া। এবারও তার চরিত্রকে ঘিরেই আবর্তিত হয়েছে গল্প। নির্মাতার প্রত্যাশা, সম্পর্কের সূক্ষ্ম অনুভূতি ও মানুষের অন্তর্গত টানাপোড়েন নিয়ে নির্মিত এই সিনেমাও দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক কৌশিক গাঙ্গুলী বলেন, ‘অর্ধাঙ্গিনী’ নির্মাণের সময় থেকেই দ্বিতীয় কিস্তির পরিকল্পনা ছিল। তবে প্রথম ছবির প্রতি দর্শকদের অসাধারণ ভালোবাসাই সেই ভাবনাকে বাস্তবে রূপ দিতে অনুপ্রাণিত করেছে।
তিনি বলেন, ‘অর্ধাঙ্গিনী’ মুক্তির পর যেখানেই গেছি, সেখানেই সিনেমাটি নিয়ে মানুষের আলোচনা শুনেছি। একটি সিনেমা অনেকটা গাছের মতো—নির্মাতা শুধু বীজ বপন করতে পারেন, কিন্তু সেটি বড় হয়ে ওঠে দর্শকের ভালোবাসায়। সেই ভালোবাসার ফল হিসেবেই এসেছে ‘আজও অর্ধাঙ্গিনী’।
নির্মাতার ভাষ্য, নতুন ছবিতে সম্পর্কের জটিলতা, অতীত-বর্তমানের টানাপোড়েন এবং মানুষের না-বলা অনুভূতিই মূল উপজীব্য। তার মতে, পর্দায় নারীর মনস্তত্ত্ব ও জীবনসংগ্রাম তুলে ধরা একজন নির্মাতার গুরুত্বপূর্ণ সৃজনশীল দায়িত্ব।
এদিকে সিনেমাটির প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন জয়া আহসান। টানা দৌড়ঝাঁপের মধ্যে অসুস্থ হয়ে পড়লেও দায়িত্ব পালন করে যাচ্ছেন তিনি। দর্শকদের আগ্রহ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ট্রেলার প্রকাশের পর থেকেই ছবিটি নিয়ে দর্শকদের উচ্ছ্বাস আরও বেড়েছে। যেসব হলে প্রদর্শন নিশ্চিত হয়েছে, সেগুলোর অনেক শো আগেই হাউজফুল হয়ে গেছে বলেও জানান তিনি।
ছবির গল্প নিয়ে রহস্য বজায় রেখে জয়া বলেন, ‘একটাই কথা বলতে পারি—এবার ডোজটা একটু কড়া।’
পরিচালক কৌশিক গাঙ্গুলী সম্পর্কে তিনি বলেন, ‘তিনি অত্যন্ত গুণী নির্মাতা, অভিনেতা ও চিত্রনাট্যকার। সম্পর্কের গল্প নির্মাণে তার দক্ষতা অসাধারণ।’
সিনেমার গল্প নিয়ে ইঙ্গিত দিয়ে জয়ার মন্তব্য, ‘এ ছবিতে এমন কিছু জটিল ও স্পর্শকাতর মোড় রয়েছে, যা দর্শকদের বিস্মিত করবে। আমি চাই, আমার কোনো শত্রুও যেন এমন পরিস্থিতিতে না পড়ে।’
‘আজও অর্ধাঙ্গিনী’ সিনেমায় জয়া আহসানের পাশাপাশি অভিনয় করেছেন চূর্ণী গাঙ্গুলী, কৌশিক সেন, অম্বরিশ ভট্টাচার্য, লিলি চক্রবর্তী, ইন্দ্রাশিস রায়, রায়া ভট্টাচার্য ও ডিম্পল আচার্যসহ আরও অনেকে।