বিনোদন

যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে: পরীমণি 


বিনোদন ডেস্ক
প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১০:২৭ এএম

যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে: পরীমণি 
ছবিঃ সংগৃহীত

চার বছর আগে র‍্যাবের অভিযানে গ্রেপ্তার হওয়ার ঘটনা নিয়ে মুখ খুলেছেন চিত্রনায়িকা পরীমণি। তার দাবি, ২০২১ সালের ৪ আগস্ট বনানীর বাসায় তাকে ‘সম্পূর্ণ বেআইনিভাবে’ এবং ‘বিশেষ মহলের স্বার্থে’ গ্রেপ্তার করা হয়েছিল। এর ফলে তার ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত জীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) মধ্যরাতে নিজের ফেসবুক পোস্টে পরীমণি লেখেন, র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট কর্নেল খাইরুল ইসলাম সম্প্রতি একটি অনলাইন টকশোতে এমন কিছু তথ্য প্রকাশ করেছেন, যার মাধ্যমে দেশের মানুষ জানতে পেরেছে যে তৎকালীন র‍্যাব প্রধান ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের নির্দেশে তাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছিল।

তিনি আরও দাবি করেন, পরে তার বিরুদ্ধে ‘মিথ্যা ও বানোয়াট’ মামলা দিয়ে গ্রেপ্তার দেখানো হয় এবং ৭ দিনের রিমান্ড শেষে টানা ২০ দিন কারাগারে থাকতে হয়।

পরীমণি লেখেন, “সেই সময়ের অভিজ্ঞতা আমার জীবনকে কতটা ক্ষতিগ্রস্ত করেছে, তা আল্লাহ আর আমি ছাড়া কেউ পুরোপুরি বুঝবে না।”

তিনি বলেন, সত্য একদিন না একদিন প্রকাশিত হয়। সময় লাগতে পারে, কিন্তু সত্যকে চিরদিন চাপা রাখা যায় না।

নিজের ভোগান্তির কথা তুলে ধরে পরীমণি বলেন, গ্রেপ্তারের পর থেকে আজও তিনি সেই ঘটনার একজন ভুক্তভোগী। তার ভাষায়, তাকে যেভাবে অপদস্থ করা হয়েছে এবং তার সম্মান, নৈতিকতা ও চরিত্রকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে, তা বাংলাদেশের ইতিহাসে একটি বেদনাদায়ক অধ্যায় হয়ে থাকবে।

রাষ্ট্রের উদ্দেশে একাধিক প্রশ্ন তুলে অভিনেত্রী লেখেন, “হয়তো আদালত আমাকে এই সাজানো মামলা থেকে অব্যাহতি দেবেন। কিন্তু আমার হারানো দিনগুলো কি ফিরিয়ে দেওয়া সম্ভব? যে জীবন, যে সম্মান, যে মানসিক শান্তি আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে? মানুষের মনে আমাকে নিয়ে যে বিভ্রান্তিকর ধারণা তৈরি হয়েছে, তার দায় কে নেবে?”

তিনি বলেন, নিজের পরিচয় কখনো বিতর্কিত ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে চাননি; বরং একজন শিল্পী হিসেবে মানুষের ভালোবাসা নিয়েই বাঁচতে চেয়েছেন। কিন্তু একটি ঘটনার অভিঘাত তার পুরো জীবন বদলে দিয়েছে।

পরীমণি জানান, তিনি প্রতিশোধ নয়, সত্য, ন্যায়বিচার ও মানবিকতার পক্ষে কথা বলতে চান। একই সঙ্গে ভবিষ্যতে যেন আর কোনো নির্দোষ মানুষ এমন ঘটনার শিকার না হন, সে প্রত্যাশাও ব্যক্ত করেন।

কঠিন সময়ে পাশে থাকা পরিবার, সহকর্মী, বন্ধু, সাংবাদিক এবং ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি লেখেন, তাদের ভালোবাসা ও সমর্থনই তাকে বারবার ঘুরে দাঁড়ানোর শক্তি দিয়েছে।

ভবিষ্যৎ নিয়ে আশাবাদ প্রকাশ করে পরীমণি বলেন, তিনি অতীতের ক্ষত বয়ে বেড়াতে চান না। নিজের কাজ, সন্তান, পরিবার এবং দর্শকদের ভালোবাসা নিয়েই বাকি জীবন এগিয়ে যেতে চান।

উল্লেখ্য, ২০২১ সালের ৪ আগস্ট বনানীর বাসায় অভিযান চালিয়ে পরীমণিকে গ্রেপ্তার করে র‍্যাব। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। মামলাটি বর্তমানে ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে। এছাড়া ঢাকা বোট ক্লাবের ঘটনাকে কেন্দ্র করে দায়ের হওয়া দুটি মামলাও বিচারাধীন।