বিনোদন

সর্বকালের সর্বোচ্চ আয়কারী বায়োপিক ‘মাইকেল’


বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১০:৪১ এএম

সর্বকালের সর্বোচ্চ আয়কারী বায়োপিক ‘মাইকেল’
ছবিঃ সংগৃহীত

পপসম্রাট মাইকেল জ্যাকসনের মৃত্যুর প্রায় ১৭ বছর পর তার জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘মাইকেল’ বিশ্ব চলচ্চিত্রে নতুন ইতিহাস গড়েছে। বিশ্বব্যাপী বক্স অফিসে সিনেমাটির আয় ১ বিলিয়ন (১০০ কোটি) ডলার অতিক্রম করেছে। এর মাধ্যমে এটি ইতিহাসের প্রথম বায়োপিক হিসেবে ১ বিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ করেছে এবং সর্বকালের সর্বোচ্চ আয়কারী জীবনীভিত্তিক চলচ্চিত্রে পরিণত হয়েছে।

পরিচালক অ্যান্টোইন ফুকুয়ার নির্মাণে এ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছে মাইকেল জ্যাকসনের ভাতিজা জাফার জ্যাকসনের। মুক্তির পর থেকেই দর্শকদের ব্যাপক সাড়া পেয়ে একের পর এক রেকর্ড ভেঙেছে ছবিটি। প্রথমে এটি ২০১৮ সালের ‘Bohemian Rhapsody’-এর ৯১১ মিলিয়ন ডলারের আয়কে ছাড়িয়ে যায়। এরপর ক্রিস্টোফার নোলানের ‘Oppenheimer’-এর প্রায় ৯৭৭ মিলিয়ন ডলারের রেকর্ডও পেছনে ফেলে সর্বোচ্চ আয়কারী বায়োপিকের স্বীকৃতি অর্জন করে।

মার্কিন সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, স্বাধীন স্টুডিও লায়ন্সগেটের ইতিহাসেও এটি সবচেয়ে সফল চলচ্চিত্রে পরিণত হয়েছে। শুরুতে কয়েকটি বড় স্টুডিও প্রযোজনায় আগ্রহ না দেখালেও লায়ন্সগেট ইউনিভার্সাল পিকচার্স ও কিনো ফিল্মসের সহযোগিতায় ছবিটি নির্মাণ করে, যা শেষ পর্যন্ত বিশাল বাণিজ্যিক সাফল্য এনে দেয়।

সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেলেও সাধারণ দর্শকদের মধ্যে সিনেমাটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। মুক্তির প্রথম সপ্তাহান্তেই বিশ্বজুড়ে ২১৭ মিলিয়ন ডলারের বেশি আয় করে এটি মিউজিক্যাল বায়োপিকের ইতিহাসে সর্বোচ্চ উদ্বোধনী আয়কারী চলচ্চিত্রের রেকর্ড গড়ে। দর্শকদের ধারাবাহিক সমর্থনেই মুক্তির প্রায় তিন মাসের মাথায় ছবিটি ১ বিলিয়ন ডলারের ক্লাবে প্রবেশ করেছে।