বিনোদন
বিয়ে করলেন বিশ্বের নাম্বার ওয়ান ইউটিউবার মিস্টার বিস্ট
বিশ্বজুড়ে জনপ্রিয় ভিডিও কনটেন্ট নির্মাতা জিমি ডোনাল্ডসন, যিনি ‘মিস্টার বিস্ট’ নামে বেশি পরিচিত, এবার ব্যক্তিজীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন। বিয়ের মতো গুরুত্বপূর্ণ মুহূর্তে তিনি বেছে নিয়েছেন একেবারে সাদামাটা ও ব্যক্তিগত আয়োজন।
দীর্ঘদিনের প্রেমিকা ও কনটেন্ট নির্মাতা থিয়া বয়সেন-এর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ২৮ বছর বয়সী এই তারকা। মঙ্গলবার (২১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে বিয়ের কিছু ছবি প্রকাশ করে ভক্তদের সঙ্গে সুখবরটি ভাগাভাগি করেন তিনি। ক্যাপশনে নিজের অনুভূতি জানিয়ে লেখেন, জীবনের সেরা দিনটি তিনি খুঁজে পেয়েছেন নিজের জীবনসঙ্গীর মধ্যেই।
পর্দায় বড় বাজেট ও বিশাল আয়োজনের জন্য পরিচিত হলেও নিজের বিয়েতে কোনো আড়ম্বর চাননি মিস্টার বিস্ট। দুই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে একান্ত নিরিবিলি পরিবেশে সম্পন্ন হয় তাদের বিয়ের অনুষ্ঠান।
বিয়ের পোশাকেও ছিল পরিমিত সৌন্দর্যের ছাপ। থিয়া বয়সেন পরেছিলেন আইভরি ও নুড রঙের সূক্ষ্ম নকশার গাউন, আর মিস্টার বিস্ট ছিলেন সাদা টাক্সিডো জ্যাকেট, সাদা শার্ট, কালো প্যান্ট ও বো-টাইয়ে ক্লাসিক লুকে।
এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে বাগদান সম্পন্ন করেছিলেন এই যুগল। নিজের বিয়ের পরিকল্পনা নিয়ে এক সাক্ষাৎকারে জিমি ডোনাল্ডসন জানান, বড় কোনো জনসমাগমে জাঁকজমক আয়োজন নয়, বরং ঘনিষ্ঠ ও ব্যক্তিগত মুহূর্তকেই তিনি গুরুত্ব দিতে চেয়েছিলেন।
তাদের প্রেমের সূচনা দক্ষিণ আফ্রিকায় এক বন্ধুর মাধ্যমে পরিচয়ের মধ্য দিয়ে। পরবর্তীতে সামাজিক মাধ্যম এক্সে থিয়ার সঙ্গে যোগাযোগ করেন জিমি, যেখানে থিয়ার লেখা বই ‘দ্য মার্কড চিলড্রেন’ পড়ার আগ্রহ প্রকাশ করেন তিনি। সেই পরিচয়ই ধীরে ধীরে রূপ নেয় গভীর সম্পর্কে।
সম্পর্কের এক বছর পূর্ণ হওয়ার পর থিয়াকে বিয়ের প্রস্তাব দেন জিমি। তবে থিয়া এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে ‘হিউম্যান কগনিটিভ নিউরোসাইকোলজি’ বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন না করা পর্যন্ত বিয়ে স্থগিত রাখার সিদ্ধান্ত নেন তারা।