বিনোদন

ছেলেকে কোলে নিয়ে ‘বাবা’ গাইলেন নোবেল, আবেগে ভাসলেন দর্শক


বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ১২:১১ পিএম

ছেলেকে কোলে নিয়ে ‘বাবা’ গাইলেন নোবেল, আবেগে ভাসলেন দর্শক
ছবিঃ সংগৃহীত

কনসার্টের মঞ্চে ভক্তদের জন্য আবেগঘন এক মুহূর্ত উপহার দিলেন সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল। পরিবেশনার মাঝেই প্রথমবারের মতো সবার সামনে নিয়ে এলেন তার ৯ মাস বয়সী ছেলেকে। সন্তানকে কোলে নিয়েই গাইলেন নগরবাউল জেমসের জনপ্রিয় গান ‘বাবা’।

সম্প্রতি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কনসার্টে হঠাৎ করেই ছেলেকে মঞ্চে নিয়ে আসেন নোবেল। এতে উপস্থিত দর্শক-শ্রোতারা বিস্মিত হন। পরে তার আবেগঘন পরিবেশনা ও সন্তানের প্রতি ভালোবাসার প্রকাশে করতালি ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন। মুহূর্তটি অনেকেই মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন।

ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, গান গাওয়ার একপর্যায়ে নোবেল দর্শকদের উদ্দেশে বলেন, “আমিও কিন্তু বাবা হয়েছি। আমার ছেলের বয়স ৯ মাস। সে আজ কনসার্ট দেখতে এসেছে। আপনাদের সবার সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই।”

এরপর তিনি মঞ্চের পেছনে গিয়ে ছেলেকে কোলে নিয়ে ফিরে আসেন। সন্তানকে বুকে জড়িয়ে তিনি জানান, ছেলের নাম রেখেছেন ‘নোবেল জুনিয়র’। এ সময় পুরো কনসার্ট প্রাঙ্গণে দর্শকদের করতালি ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।

সন্তানকে কোলে নিয়েই জেমসের কালজয়ী গান ‘বাবা’ পরিবেশন করেন নোবেল। পুরো গানজুড়ে তিনি ছেলেকে স্নেহভরে আগলে রাখেন। দর্শকদের অনেকেই মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে এই আবেগময় মুহূর্ত উপভোগ করেন এবং ভিডিও ধারণ করেন।

উল্লেখ্য, গত বছরের জুন মাসে নোবেল ও তার স্ত্রী ইসরাত জাহান প্রিয়ার সংসারে নতুন অতিথি আসার খবর প্রকাশ্যে আসে। বাবা হওয়ার পর এবারই প্রথম কোনো কনসার্টের মঞ্চে প্রকাশ্যে ছেলেকে পরিচয় করিয়ে দিলেন এই গায়ক।