বিনোদন
চুল ফেলে দিয়ে যে বার্তা দিলেন ক্যানসার আক্রান্ত সামিয়া
দীর্ঘ পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন জনপ্রিয় টিভি উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন। এর আগে কোলন ক্যানসার জয় করলেও সম্প্রতি নতুন করে জরায়ুর ক্যানসারে আক্রান্ত হয়েছেন তিনি।
প্রায় তিন মাস আগে সামিয়ার শরীরে জরায়ুর ক্যানসার বা উচ্চমাত্রার কার্সিনোমা শনাক্ত হয়। এরপর দ্রুত অস্ত্রোপচার করা হয় তার। বর্তমানে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত কেমোথেরাপি নিচ্ছেন তিনি।
প্রথমবার ক্যানসার শনাক্ত হওয়ার পর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে উঠেছিলেন সামিয়া। তবে এবারের অভিজ্ঞতা তার জন্য ভিন্ন। কেমোথেরাপির কারণে চুল পড়ে যেতে পারে, চিকিৎসকদের কাছ থেকে এমন কথা শোনার পর চুল ঝরে যাওয়ার অপেক্ষা না করে নিজেই মাথা পুরোপুরি মুণ্ডিত করার সিদ্ধান্ত নেন তিনি।
গত রবিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে মাথা মুণ্ডিত অবস্থার ছবি প্রকাশ করে একটি আবেগঘন বার্তা দেন সামিয়া। সেখানে নিজের নতুন রূপ নিয়ে ইতিবাচক থাকার কথা জানান এই অভিনেত্রী।
সামিয়া বলেন, চুল থাকুক বা না থাকুক, প্রকৃত সৌন্দর্য আয়নায় দেখা যায় না। বরং নিজের যেকোনো রূপকে নিজের মতো করে গ্রহণ করতে পারাটাই আসল সৌন্দর্য।
তার নতুন এই রূপ শুধু বাহ্যিক পরিবর্তন নয়, বরং কঠিন সময়ের সাহস, মানসিক শক্তি এবং নিজের প্রতি ভালোবাসার প্রতীক বলেও মনে করছেন তিনি। ক্যানসারের এই কঠিন পথচলা কতটা যন্ত্রণাদায়ক, তা তিনি নিজের অভিজ্ঞতা থেকে উপলব্ধি করেছেন।
এমন কঠিন সময় যেন আর কারও জীবনে না আসে, সেই প্রার্থনাও করেছেন সামিয়া। একই সঙ্গে আগেরবারের মতো এবারও মানসিক শক্তি ধরে রেখে দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।