বিনোদন
নায়িকা দীঘির সঙ্গে ছবি তুলেননি তথ্যমন্ত্রী, জয় বললেন ‘দিন শেষ’
চলচ্চিত্র পরিচালক সমিতির আয়োজনে ‘ফিল্ম ডিরেক্টরস ডে’ অনুষ্ঠানে নায়িকা প্রার্থনা ফারদিন দীঘির সঙ্গে ছবি না তুলে দ্রুত সরে যান তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় আলোচনা।
এবার বিষয়টি নিয়ে নিজের পর্যবেক্ষণ জানিয়েছেন অভিনেতা ও পরিচালক শাহরিয়ার নাজিম জয়। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, দীঘি মন্ত্রীর সঙ্গে ছবি তুলতে গেলে তিনি হাসিমুখে ‘আরেকটা কাজ আছে’ বলে দ্রুত সরে যান। এতে দীঘির মধ্যে কিছুটা বিব্রতভাব দেখা গেছে বলেও মন্তব্য করেন জয়।
জয় বলেন, ভিডিওটি দেখে তার কাছে দুটি বার্তা স্পষ্ট হয়েছে। তার মতে, চলচ্চিত্র পরিচালক দিবসে মন্ত্রী, উপদেষ্টা ও প্রতিমন্ত্রীর উপস্থিতি চলচ্চিত্র অঙ্গনের জন্য ইতিবাচক বার্তা দিয়েছে। পাশাপাশি শিল্পীদের কাজের বাইরে অপ্রয়োজনে মন্ত্রীদের পাশে দাঁড়িয়ে ছবি তোলার প্রবণতা থেকে সরে আসা উচিত।
জয় আরও বলেন, অতীতে মন্ত্রীদের সঙ্গে ছবি তোলার অভিজ্ঞতা শিল্পীদের জন্য সবসময় ইতিবাচক ছিল না। তাই শিল্পীদের মূল মনোযোগ নিজেদের কাজ ও প্রতিভা বিকাশে দেওয়া উচিত। তবে নিজের এই পর্যবেক্ষণ ভুলও হতে পারে এবং কাউকে অপমান করা তার উদ্দেশ্য নয় বলেও উল্লেখ করেন তিনি।
এদিকে, ‘ফিল্ম ডিরেক্টরস ডে’ অনুষ্ঠানে চলচ্চিত্র অঙ্গনের বিভিন্ন পর্যায়ের গুণীজনদের সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে ফরিদুর রেজা সাগর, কাজী হায়াৎ, সোহেল রানা, মতিন রহমানসহ কয়েকজনকে সম্মাননা জানানো হয়। সাংস্কৃতিক পর্বে নৃত্য পরিবেশন করেন দীঘি এবং গান পরিবেশন করেন কোনাল।