বিনোদন
বন্দুকের মুখে কোটি টাকার গয়না লুট, ক্ষতিপূরণে পেলেন মাত্র ১ ইউরো
২০১৬ সালে প্যারিসে বন্দুকের মুখে হাত-পা বেঁধে কোটি টাকার গয়না লুটের ঘটনায় প্রায় এক দশক পর আদালতের রায়ে ক্ষতিপূরণ হিসেবে মাত্র ১ ইউরো পেলেন মার্কিন তারকা কিম কার্দাশিয়ান। অবাক করার মতো এই পরিমাণ ক্ষতিপূরণ অবশ্য কিম নিজেই চেয়েছিলেন। মঙ্গলবার প্যারিসের একটি আদালত তাকে ১ ইউরো ক্ষতিপূরণ দেওয়ার রায় দেন বলে মামলার সঙ্গে সংশ্লিষ্ট এক আইনজীবী জানিয়েছেন।
ঘটনাটি ঘটে ২০১৬ সালের ২ অক্টোবর, প্যারিস ফ্যাশন উইকের সময়। পুলিশের ছদ্মবেশে দুই ডাকাত কিমের হোটেল স্যুইটে ঢুকে তাকে জিপ টাই ও টেপ দিয়ে বেঁধে ফেলেন। পরে তারা ৬০ লাখ ডলারের বেশি মূল্যের গয়না নিয়ে পালিয়ে যান। লুট হওয়া গয়নার মধ্যে ছিল একটি হীরার আংটি, যা ওই রাতে গিভেঞ্চির একটি অনুষ্ঠানে পরেছিলেন কিম। নিজের জীবনের সবচেয়ে ভয়ংকর অভিজ্ঞতাগুলোর একটি হিসেবে ওই ঘটনাকে বর্ণনা করেছিলেন তিনি।
বয়সের কারণে ডাকাত দলের সদস্যরা ফ্রান্সে ‘গ্র্যান্ডপা রবার্স’ নামে পরিচিতি পান। গত বছর এ ঘটনায় জড়িত আটজনকে দোষী সাব্যস্ত করা হয়। বিচার চলাকালে তাদের ছয়জনের বয়স ছিল ৬০ থেকে ৭০ বছরের মধ্যে। তাদের বিরুদ্ধে সশস্ত্র ডাকাতি, অপহরণ ও সংঘবদ্ধ অপরাধ চক্রের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ আনা হয়েছিল। তবে বিচার-পূর্ব আটকেই তাদের সাজা ভোগ হয়ে যাওয়ায় নতুন করে কাউকেই কারাগারে যেতে হয়নি। দোষী সাব্যস্ত ব্যক্তিরাও রায়ের বিরুদ্ধে আপিল করেননি।
রায়ের পর কিম ও তার স্টাইলিস্ট সিমন হারুশ ফ্রান্সের বিচারব্যবস্থার প্রতি কৃতজ্ঞতা জানান। এপিকে দেওয়া এক যৌথ বিবৃতিতে তারা বলেন, ওই অভিজ্ঞতা অত্যন্ত যন্ত্রণাদায়ক ছিল এবং এর প্রভাব এখনো তাদের মনে রয়ে গেছে। তাদের মতে, আদালতের রায় শুধু ক্ষতিপূরণের বিষয় নয়, বরং জবাবদিহি ও স্বীকৃতিরও প্রতিফলন।
মামলায় হোটেল দ্য পোরতালেসের এক সাবেক রিসেপশনিস্টকে ১ লাখ ৯ হাজার ৫১৬ ইউরো ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ডাকাতির সময় তিনি হোটেলটিতে কর্মরত ছিলেন। মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ার কথা জানিয়ে তিনি ক্ষতিপূরণ ও সুদ বাবদ প্রায় সাড়ে ৫ লাখ ইউরো দাবি করেছিলেন। এ ছাড়া হোটেলটিকে ৫০ হাজার ইউরো এবং কিমের স্টাইলিস্ট সিমন হারুশকে তার চাওয়া অনুযায়ী ১ ইউরো ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রায়ের পর কিম বলেন, ওই ডাকাতির ঘটনা তার ও তার পরিবারের ওপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছে। যা ঘটেছে, তা তিনি কখনোই ভুলতে পারবেন না। তবে মানুষের মানসিক উত্তরণ এবং জবাবদিহির শক্তিতে তিনি বিশ্বাস করেন।
সোর্স: রয়টার্স