বিনোদন
স্কুবা ডাইভিং নয়, জানা গেল জুবিন গার্গের মৃত্যুর আসল কারণ
ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গের আকস্মিক মৃত্যু ঘিরে যে ধোঁয়াশা তৈরি হয়েছিল, অবশেষে তা কাটল। সিঙ্গাপুর সরকার প্রকাশ করেছে গায়কের ময়নাতদন্ত রিপোর্ট, যেখানে নিশ্চিত করা হয়েছে জুবিনের মৃত্যু স্কুবা ডাইভিং নয়, সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে হয়েছে।
রিপোর্টটি গায়কের স্ত্রী গরিমা শইকীয়া গার্গের হাতে তুলে দিয়েছে সিঙ্গাপুর কর্তৃপক্ষ। এতে স্পষ্টভাবে বলা হয়েছে, সিঙ্গাপুরের একটি দ্বীপে সাঁতার কাটার সময় পানিতে ডুবে তার মৃত্যু হয়।

জানা গেছে, সিঙ্গাপুর পুলিশ (এসপিএফ) ময়নাতদন্তের রিপোর্ট ও প্রাথমিক তদন্তের সারসংক্ষেপ ভারতীয় হাই কমিশনের কাছেও হস্তান্তর করেছে। সেই সঙ্গে জুবিনের পরিবারের সঙ্গেও যোগাযোগ করেছে তারা।
প্রসঙ্গত, ভারত–সিঙ্গাপুর কূটনৈতিক সম্পর্কের ৬০ বছর পূর্তি এবং আসিয়ান পর্যটন বর্ষ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন জুবিন গার্গ।
সিঙ্গাপুর প্রশাসন জানিয়েছে, এই মৃত্যুর ঘটনা এখনও তদন্তাধীন। পাশাপাশি তারা অনুরোধ জানিয়েছে, এই দুর্ঘটনার কোনো ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার না করতে, যাতে গায়কের পরিবার ও অনুরাগীরা আরও কষ্ট না পান।