বিনোদন
দিল্লির আন্দোলনে সমর্থন জানিয়ে গান মুক্তি পেছালেন আরমান মালিক
দিল্লিতে চলমান শিক্ষার্থী আন্দোলনের প্রভাব এবার পৌঁছেছে বিনোদন অঙ্গনেও। আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে নিজের নতুন গানের প্রকাশ স্থগিত করার ঘোষণা দিয়েছেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী আরমান মালিক।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ২২ জুলাই আরমান মালিকের নতুন গান ‘গয়া কাম সে’ প্রকাশ হওয়ার কথা ছিল। তবে বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে নির্ধারিত দিনে গানটি প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
এক ভিডিও বার্তায় আরমান মালিক বলেন, ২২ জুলাই তার জন্মদিন এবং একই দিনে নতুন গান প্রকাশের পরিকল্পনা ছিল। কিন্তু দেশের বর্তমান পরিস্থিতিতে সেটি করতে তার মন সায় দিচ্ছে না। তাই আপাতত গানের প্রকাশ পিছিয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে গানটি শ্রোতাদের জন্য প্রকাশ করা হবে বলেও জানান তিনি।
সোমবার নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদ এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সংসদ অভিযানের কর্মসূচি পালন করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। তবে কর্মসূচির অনুমতি না দিয়ে তাদের ওপর কাঁদানে গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করা হয় বলে অভিযোগ ওঠে। এ ঘটনার বিভিন্ন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ককরোজ পার্টির উদ্যোগে শুরু হওয়া এ আন্দোলনে শিক্ষাব্যবস্থার দুর্নীতি, প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষার অতিরিক্ত ব্যয় এবং শিক্ষার্থীদের প্রতি কেন্দ্রীয় সরকারের দায়বদ্ধতার অভাবের বিষয়গুলো তুলে ধরা হচ্ছে। আন্দোলনটি ইতোমধ্যে দেশজুড়ে ছড়িয়ে পড়েছে এবং বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরাও এতে সমর্থন জানিয়েছেন।
আন্দোলনে অংশ নিয়ে অসুস্থ হয়ে পড়েছেন অভিনেত্রী শাবানা আজমি। সংগীতশিল্পী অরিজিৎ সিং জিয়াগঞ্জ থেকে আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন। একইভাবে পাঞ্জাব থেকে সংহতি প্রকাশ করেছেন দিলজিৎ দোসাঞ্জ। এছাড়া অভিনেতা প্রকাশ রাজ ও অভিনেত্রী স্বরা ভাস্করও সরাসরি আন্দোলনে অংশ নিয়েছেন।