বিনোদন

‘আমার আব্বা আর নেই’, কণ্ঠশিল্পী সালমার আবেগঘন পোস্ট


বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ এএম

‘আমার আব্বা আর নেই’, কণ্ঠশিল্পী সালমার আবেগঘন পোস্ট
ছবি: সংগৃহীত

জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা ফজলুল হক আর নেই। বুধবার ১৬ সেপ্টেম্বর রাত ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে বাবার মৃত্যুর খবর জানান সালমা।

পোস্টে সালমা লিখেছেন, ‘আমার আব্বা আর নেই।’

বাবার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে সালমার পরিবার ও স্বজনদের মধ্যে। তবে ফজলুল হকের মৃত্যুর কারণ এবং জানাজা ও দাফনের সময় ও স্থান সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।

এদিকে সংগীতাঙ্গনে ব্যস্ত সময় পার করছিলেন সালমা। সম্প্রতি বিপ্লব সাহার সঙ্গে দ্বৈত কণ্ঠে প্রকাশ হয়েছে তার নতুন গান ‘প্রেম লীলা’। লোকজ ঐতিহ্য ও প্রেমের আবহে নির্মিত গানটির সংগীতচিত্রও প্রকাশ হয়েছে।

এর আগে সাময়িক বিরতির পর আবারও গানের রেকর্ডিংয়ে ফেরেন সালমা। গুরু শফি মণ্ডলের কথা ও সুরে ‘কুঞ্জে আর ভালো লাগে না বন্ধু বিহনে’ শিরোনামের একটি গান রেকর্ড করেছেন তিনি। গানটি দুর্গাপূজায় প্রকাশের কথা রয়েছে।

এ ছাড়া রোহান রাজের লেখা ও সুর করা জনপ্রিয় গান ‘মানুষ বড়ই স্বার্থপর’ এর নতুন সংগীতায়োজনেও কণ্ঠ দিয়েছেন সালমা। গানটিতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন সুমী শবনম, তসিবা, জারিন ও রোহান রাজ। গানটির সংগীতচিত্রের দৃশ্যধারণ ইতোমধ্যে শেষ হয়েছে। ১৭ সেপ্টেম্বর গানটি প্রকাশের কথা রয়েছে।