পরিবেশ-জলবায়ু
উত্তর বঙ্গোপসাগরে ঝড়ো হাওয়ার আশঙ্কা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের কারণে ঝড়ো হাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এর প্রভাবে সাগর, উপকূলীয় অঞ্চল ও সমুদ্রপথ হয়ে উঠতে পারে উত্তাল। এমন পরিস্থিতিতে দেশের চারটি সমুদ্রবন্দর—চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা-কে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
রবিবার (৬ জুলাই) সকালে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে গভীর বায়ুচাপের তারতম্য বিরাজ করছে। এর ফলে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, সঙ্গে থাকতে পারে বৃষ্টি ও বজ্রবৃষ্টি।
এই পরিস্থিতিতে সমুদ্রবন্দরগুলোর পাশাপাশি উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
এছাড়া দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্যও সতর্কবার্তা জারি করা হয়েছে। বিশেষ করে খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এসব এলাকায় বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণে সতর্ক রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নৌযান ও উপকূলীয় বাসিন্দাদের প্রতি যথাযথ সাবধানতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।