পরিবেশ-জলবায়ু
দেশের চার বিভাগে বজ্রসহ অতিভারি বর্ষণের শঙ্কা
বাংলাদেশের ওপর সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের চারটি বিভাগে আগামী ২৪ ঘণ্টায় মাঝারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অফিস জানায়, বর্তমানে মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থানে বিরাজ করছে।
এই পরিস্থিতিতে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর কিছু কিছু জায়গায় মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণও হতে পারে।
এ ছাড়া রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায়ও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পটুয়াখালীর খেপুপাড়ায়, যেখানে বৃষ্টি হয়েছে ১০৮ মিলিমিটার। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ভোলায় ৩৩.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবান ও টাঙ্গাইলে, ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তর পরিস্থিতি পর্যবেক্ষণে রাখছে এবং প্রয়োজনীয় সতর্কবার্তা প্রচার করবে বলেও জানিয়েছে।