পরিবেশ-জলবায়ু
চার বিভাগে ভারী বর্ষণের শঙ্কা, বৃষ্টিতে ভিজতে পারে গোটা দেশ
দেশের চারটি বিভাগে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের প্রায় সব বিভাগেই বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়, দেশের উপর দিয়ে বয়ে যাওয়া মৌসুমি বায়ু এখন মোটামুটি সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরেও এর প্রভাব মাঝারি অবস্থায় বিরাজ করছে। এই কারণে আগামী কয়েকদিন দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে।
বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ ভারতের উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত চলে গেছে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া ওইসব এলাকায় কিছু স্থানে ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে।
এদিকে, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গাতেও বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। শুক্রবার ও শনিবারের পূর্বাভাসেও একই ধরণের আবহাওয়া থাকার কথা বলা হয়েছে। বিশেষ করে শুক্রবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় আবারও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে।
শনিবার থেকে এই বৃষ্টিপাত আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় সেই সময় বৃষ্টি বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে, আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় সারাদেশেই মাঝে মাঝে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। কিছু কিছু এলাকায় রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।