পরিবেশ-জলবায়ু

সারাদেশে শীত নিয়ে আবারও দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, ০৬:২৮ পিএম

সারাদেশে শীত নিয়ে আবারও দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস
ছবি: সংগৃহীত

দেশের কয়েকটি অঞ্চলে চলমান শৈত্যপ্রবাহ আরও কিছুদিন স্থায়ী হতে পারে। পাশাপাশি সারা দেশেই দিন ও রাতের তাপমাত্রা আরও কমার আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে দেওয়া সর্বশেষ পূর্বাভাসে জানানো হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে। একই সময়ে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে সক্রিয় রয়েছে, যা দেশের আবহাওয়ায় শীতের প্রকোপ বাড়িয়ে দিচ্ছে।

এই পরিস্থিতিতে মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় দেশের বিভিন্ন এলাকায় রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস জানায়, বর্তমানে পঞ্চগড়, কুড়িগ্রাম ও নীলফামারী জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি মাত্রার কুয়াশা পড়ার আশঙ্কা রয়েছে।

এছাড়া বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, চলমান শৈত্যপ্রবাহ অব্যাহত থাকার পাশাপাশি সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা আরও সামান্য কমতে পারে। এ সময়ও শেষরাত ও ভোরের দিকে কোথাও কোথাও কুয়াশা দেখা দিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।