পরিবেশ-জলবায়ু
বন্যা ও ভারী বৃষ্টি নিয়ে মিলল দুঃসংবাদ, আবহাওয়া অফিসের সতর্কবার্তা
দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কারণে নদ-নদীর পানি দ্রুত বাড়ছে। ইতোমধ্যে কয়েকটি নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে দেশের একাধিক জেলায় স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে বলে সতর্ক করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র ও আবহাওয়া অধিদপ্তর।
রোববার (১২ জুলাই) সকাল ৯টার তথ্য অনুযায়ী, বর্তমানে ৩টি নদীর ৫টি পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে সাঙ্গু নদীর বান্দরবান ও দোহাজারী, কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ ও মারকুলি এবং সোমেশ্বরী নদীর কলমাকান্দা পয়েন্ট উল্লেখযোগ্য।
আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় সিলেট বিভাগসহ উজানে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় উত্তর-পূর্বাঞ্চলের নদীগুলোর পানি আরও বাড়তে পারে। এতে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা, শেরপুর ও ময়মনসিংহ জেলার বিভিন্ন নিম্নাঞ্চলে নতুন করে বন্যার শঙ্কা তৈরি হয়েছে।
এছাড়া ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার মুহুরী, ফেনী, সেলোনিয়া ও হালদা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। ফলে এসব জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে লক্ষ্মীপুর ও নোয়াখালীর নিচু এলাকাও সাময়িকভাবে পানিতে তলিয়ে যেতে পারে।
উত্তরাঞ্চলেও সতর্কতা জারি করা হয়েছে। নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বাড়তে পারে, যা কিছু স্থানে বিপৎসীমা ছাড়িয়ে যেতে পারে।
তবে কিছু এলাকায় পরিস্থিতির আংশিক উন্নতির সম্ভাবনাও রয়েছে। বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজারের সাঙ্গু ও মাতামুহুরী এবং মৌলভীবাজার ও হবিগঞ্জের মনু, ধলাই ও খোয়াই নদীর পানি আগামী ২৪ ঘণ্টায় কিছুটা কমতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন বিভাগে ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারী এবং ৮৮ মিলিমিটারের বেশি অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।
গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে উল্লেখযোগ্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে নদীগুলোর পানিপ্রবাহ আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতির দ্রুত অবনতি হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এদিকে টানা বর্ষণ ও জলাবদ্ধতার কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় সড়কে পানি জমে যাওয়ায় কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও অন্যান্য পরীক্ষা স্থগিত করা হয়েছে।