স্বাস্থ্য
ডেঙ্গুতে আরও ৩ জনের প্রাণহানি, হাসপাতালে ভর্তি ৩৬৩ জন
দেশজুড়ে আবারও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। সর্বশেষ ২৪ ঘণ্টায় প্রাণঘাতী এ রোগে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩০ জনে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
একই সময়ে নতুন করে ৩৬৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের বেশিরভাগই ঢাকা মহানগরসহ অন্যান্য বিভাগীয় শহর ও জেলাগুলো থেকে আসছেন। ঢাকার বিভিন্ন হাসপাতালেই সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন—সংখ্যায় ১১২ জন।
তবে রাজধানীর বাইরেও ডেঙ্গুর দাপট স্পষ্ট। বরিশালে ভর্তি হয়েছেন ৮৮ জন, ঢাকার অন্যান্য জেলাগুলোতে ৭০ জন, চট্টগ্রামে ৫০ জন, খুলনা ও রাজশাহীতে ১৬ জন করে, ময়মনসিংহে ১০ জন এবং সিলেটে ভর্তি হয়েছেন ১ জন।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৩৩ হাজার ৩০৯ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। মৃতদের মধ্যে পুরুষ ৭১ জন এবং নারী ৫৯ জন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।