স্বাস্থ্য
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে ৭ জনের মৃত্যু
দেশজুড়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মোট ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩ জনের মৃত্যু নিশ্চিত হামের কারণে এবং আরও ৪ জনের মৃত্যু হয়েছে সন্দেহজনক হাম উপসর্গ নিয়ে। স্বাস্থ্য অধিদপ্তর এই তথ্য জানিয়েছে।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ২১৫ জনে দাঁড়িয়েছে। একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ১৭২ জন।
চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর মোট সংখ্যা পৌঁছেছে ২৯ হাজার ৫৪৯ জনে। একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৪ হাজার ২৩১ জন।
এছাড়া ওই সময়ের মধ্যে সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯ হাজার ৭০৫ জন রোগী। এর মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১৬ হাজার ৫২৭ জন।
মৃত্যুর পরিসংখ্যানে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে ৩ জনের মৃত্যু হয়েছে। আর ১৫ মার্চ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামে মোট মৃত্যুর সংখ্যা ৪২ জনে পৌঁছেছে।
অন্যদিকে সন্দেহজনক হাম রোগে গত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে। আর একই সময়সীমায় সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৯৮ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, রোগের বিস্তার নিয়ন্ত্রণে নজরদারি ও চিকিৎসা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।