স্বাস্থ্য
ডেঙ্গুতে একদিনে আরও ৫ মৃত্যু, ১৭ দিনে প্রাণ গেল ৭৯ জনের
দেশে ডেঙ্গুর প্রকোপ ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৬ জনে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪৮৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫ জনের মধ্যে ৪ জন ঢাকা উত্তর সিটি করপোরেশনের বাসিন্দা। অন্যজন রংপুর বিভাগের বাসিন্দা। একই সময়ে সবচেয়ে বেশি ২৫২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন খুলনা বিভাগে।
এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২২৭ জন, বরিশাল বিভাগে ২১১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২০৭ জন, চট্টগ্রাম বিভাগে ১৯২ জন, ঢাকা বিভাগে ১৯০ জন, রাজশাহী বিভাগে ১০২ জন, ময়মনসিংহ বিভাগে ৬৪ জন, রংপুর বিভাগে ৩৫ জন এবং সিলেট বিভাগে ৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি সেপ্টেম্বরের শুরু থেকেই ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, জুলাইয়ে ৩৬ জন এবং আগস্টে ৪৩ জন ডেঙ্গুতে মারা যান। আর সেপ্টেম্বরের প্রথম ১৭ দিনেই প্রাণ হারিয়েছেন ৭৯ জন।
বছরের শুরু থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত হিসাব অনুযায়ী, ডেঙ্গুতে মোট মৃত্যুর অর্ধেকের বেশি ঘটেছে ঢাকা বিভাগে। দুই সিটি করপোরেশনসহ ঢাকা বিভাগে মারা গেছেন ৮৪ জন। এ ছাড়া খুলনা বিভাগে ৩২ জন, ময়মনসিংহে ১৮ জন, চট্টগ্রামে ১৬ জন, বরিশালে ১৩ জন, রাজশাহীতে ৮ জন, রংপুরে ৪ জন এবং সিলেট বিভাগে ১ জনের মৃত্যু হয়েছে।