স্বাস্থ্য

পুরুষদের ৩ গোপন স্বাস্থ্য সমস্যা, অবহেলায় বাড়তে পারে ঝুঁকি


স্বাস্থ্য ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ এএম

পুরুষদের ৩ গোপন স্বাস্থ্য সমস্যা, অবহেলায় বাড়তে পারে ঝুঁকি
কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরী ছবি। ছবি: সংগৃহীত

পুরুষদের কিছু শারীরিক ও যৌন স্বাস্থ্য সমস্যা নিয়ে অনেকেই লজ্জা বা সংকোচের কারণে চিকিৎসকের পরামর্শ নিতে চান না। তবে সময়মতো চিকিৎসা না নিলে কিছু সমস্যা জটিল আকার ধারণ করতে পারে। তাই উপসর্গ দেখা দিলে বিষয়টি গোপন না রেখে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

অণ্ডকোষের বিভিন্ন সমস্যা

অণ্ডকোষের নানা সমস্যায় সাধারণত ফুলে যাওয়া, ব্যথা বা অস্বাভাবিক অনুভূতি দেখা দিতে পারে। এর মধ্যে অণ্ডকোষের বাইরে পানি জমে ফুলে যাওয়াকে হাইড্রোসিল বলা হয়। আবার হাঁচি, কাশি বা জোরে হাঁটার সময় পেটের ভেতর থেকে কিছু অণ্ডকোষের দিকে নেমে আসার মতো অনুভূতি হলে তা হার্নিয়ার লক্ষণ হতে পারে।

অণ্ডকোষের সঙ্গে সংযোগকারী অংশ পেঁচিয়ে গেলে টেস্টিকুলার টরশন হতে পারে। এছাড়া অণ্ডকোষের রক্তনালি ফুলে কৃমির মতো দেখালে সেটিকে ভেরিকোসিল এবং অণ্ডকোষের সঙ্গে নতুন কোনো অংশ গজানোর মতো অনুভূতি হলে তা সিস্টের লক্ষণ হতে পারে।

অণ্ডকোষের স্বাভাবিক অনুভূতি বা স্পর্শানুভূতিতে পরিবর্তন, অস্বাভাবিক ফোলা কিংবা নতুন কোনো গুটি দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। কারণ কিছু ক্ষেত্রে এসব উপসর্গ গুরুতর রোগের ইঙ্গিত হতে পারে।

পুরুষদের স্তন বৃদ্ধি

হরমোনের ভারসাম্যহীনতার কারণে কিশোর বয়স বা বয়ঃসন্ধিকালে ছেলেদের স্তনের আকার কিছুটা বেড়ে যেতে পারে। একে গাইনোকোমেশিয়া বলা হয়। অনেক ক্ষেত্রে এটি সময়ের সঙ্গে স্বাভাবিক হয়ে যায়। তবে দীর্ঘদিন স্থায়ী হলে বা আকার উল্লেখযোগ্যভাবে বেড়ে গেলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

প্রয়োজনে হরমোনজনিত কারণ শনাক্ত করে চিকিৎসা দেওয়া হয়। বয়স বাড়ার পরও সমস্যা থেকে গেলে অস্ত্রোপচারের মাধ্যমে অতিরিক্ত টিস্যু অপসারণ করা সম্ভব। সাধারণত এটি ক্যান্সার নয়।

যৌন স্বাস্থ্য সমস্যা

পুরুষদের মধ্যে ইরেক্টাইল ডিসফাংশন ও দ্রুত বীর্যপাতের মতো যৌন স্বাস্থ্য সমস্যাও দেখা দিতে পারে। যৌন মিলনের সময় পুরুষাঙ্গ পর্যাপ্ত শক্ত না হওয়াকে ইরেক্টাইল ডিসফাংশন বলা হয়। আর মিলনের শুরুতেই অনিয়ন্ত্রিতভাবে দ্রুত বীর্যপাত হলে সেটিকে দ্রুত বীর্যপাতের সমস্যা বলা হয়।

অতিরিক্ত ক্লান্তি, উদ্বেগ, উচ্চ রক্তচাপ, রক্তে অতিরিক্ত কোলেস্টেরল কিংবা হরমোনজনিত সমস্যাসহ বিভিন্ন কারণে এসব সমস্যা দেখা দিতে পারে। অনেক ক্ষেত্রেই সঠিক কারণ শনাক্ত করে চিকিৎসা নিলে সমস্যার উন্নতি সম্ভব।

লজ্জা নয়, প্রয়োজন সচেতনতা

সামাজিক চাপ ও উপহাসের ভয়ে অনেক পুরুষ এসব সমস্যা গোপন রাখেন। এতে শারীরিক সমস্যার পাশাপাশি মানসিক চাপও বাড়তে পারে। তাই সমস্যা লুকিয়ে না রেখে পরিবারের সদস্য বা জীবনসঙ্গীর সহযোগিতা নেওয়া এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের পরামর্শ নেওয়া গুরুত্বপূর্ণ।

অণ্ডকোষ ও যৌনস্বাস্থ্যসংক্রান্ত সমস্যায় ইউরোলজি বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া যেতে পারে। অস্ত্রোপচারের প্রয়োজন হলে শল্য চিকিৎসক এবং হরমোনজনিত সমস্যার ক্ষেত্রে হরমোন বিশেষজ্ঞের পরামর্শ প্রয়োজন হতে পারে। দেশের সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোতেও এসব বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা পাওয়া যায়।