রাজনীতি
ডেঙ্গু প্রতিরোধে যুবদলের মেডিকেল টিম, শুরু সচেতনতামূলক কার্যক্রম
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে এবং জেলা, মহানগর ও অধীনস্থ ইউনিটগুলোর ঘোষিত সাত দিনের কর্মসূচি সফল করতে মেডিকেল টিম গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
সোমবার, ১৪ সেপ্টেম্বর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপির নির্দেশনায় জরুরি স্বাস্থ্য নির্দেশিকা প্রদানের লক্ষ্যে এ মেডিকেল টিম গঠন করা হয়েছে।
মেডিকেল টিমের সমন্বয়ক করা হয়েছে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি ডা. লোহানী মোহাম্মদ তাজুল ইসলামকে।
টিমের সদস্যরা হলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. জাহাঙ্গীর হোসেন, স্বাস্থ্য সম্পাদক ডা. গালিব হাসান, স্বাস্থ্য সম্পাদক ডা. বেলাল হোসেন নাজিম, সহস্বাস্থ্য সম্পাদক ডা. মাহমুদুল হাসান খান সুমন, সহস্বাস্থ্য সম্পাদক ডা. আল মামুন হাসান খান এমিল এবং ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি ডা. আমিরুল ইসলাম পাভেল।
যুবদলের স্বাস্থ্য সম্পাদক ও নবগঠিত মেডিকেল টিমের সদস্য ডা. বেলাল হোসেন নাজিম বলেন, দেশবাসীকে ডেঙ্গু সম্পর্কে সচেতন করতে মেডিকেল টিমটি গঠন করা হয়েছে। ইতোমধ্যে টিমের কার্যক্রম শুরু হয়েছে বলেও জানান তিনি।
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার ওপর গুরুত্ব দিয়ে এই চিকিৎসক বলেন, ডেঙ্গু প্রতিরোধের অন্যতম প্রধান উপায় হলো সচেতনতা। বাড়ির চারপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং এডিস মশার বংশবিস্তার রোধ করতে হবে। পাশাপাশি মশারি ব্যবহার করতে হবে। জ্বর হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান তিনি।