সারাদেশ
ময়মনসিংহ মেডিকেলে আগুন, কারণ ও গাফিলতি খতিয়ে দেখতে তদন্ত কমিটি
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। আগামী তিন কার্যদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
মঙ্গলবার সকালে এ তদন্ত কমিটি গঠন করা হয়। হাসপাতালের সহকারী পরিচালক প্রশাসন মোহাম্মদ মাইনউদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গতকালের অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি করা হয়েছে। হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক গোলাম রহমান ভূঁইয়াকে কমিটির প্রধান করা হয়েছে। তিনি একই সঙ্গে সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন। কমিটিতে গণপূর্ত অধিদপ্তরের দুজন এবং ফায়ার সার্ভিসের একজন প্রতিনিধি রয়েছেন।
মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, লিফটে আগুন লাগার ঘটনায় কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখবে তদন্ত কমিটি। আগুন লাগার সম্ভাব্য কারণও অনুসন্ধান করা হবে। ঘটনায় কারও দায়িত্বে অবহেলা পাওয়া গেলে তা চিহ্নিত করা হবে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে প্রয়োজনীয় সুপারিশও করবে কমিটি।
তদন্তে অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় উঠে এলে সেগুলোও প্রতিবেদনে বিবেচনা করা হবে বলে জানান তিনি।