খেলা
রিভার প্লেটের ৮৭ বছরের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস আল নাসরের
সৌদি প্রো লিগে ইতিহাস গড়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর দল আল নাসর। আল খালিজের বিপক্ষে ১-১ গোলে ড্র করেও টানা সবচেয়ে বেশি ঘরোয়া লিগ ম্যাচে গোল করার বিশ্বরেকর্ড গড়েছে সৌদি ক্লাবটি। এর মাধ্যমে ৮৭ বছর ধরে অক্ষত থাকা আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেটের রেকর্ড ভেঙে দিয়েছে তারা।
আল নাসরের এই রেকর্ডযাত্রা শুরু হয় ২০২৩ সালের ৮ ডিসেম্বর। সেদিন আল রিয়াদের বিপক্ষে ৪-১ গোলের জয়ের পর থেকে সৌদি প্রো লিগের প্রতিটি ম্যাচেই গোল করেছে দলটি।
গত ৯ সেপ্টেম্বর আবহার বিপক্ষে ২-১ গোলের জয়ের ম্যাচে রোনালদোর করা গোল আল নাসরকে টানা ৯৩ ম্যাচে গোল করার কীর্তিতে পৌঁছে দেয়। এর মধ্য দিয়ে তারা রিভার প্লেটের ১৯৩৬ থেকে ১৯৩৯ সাল পর্যন্ত টানা ৯৩ লিগ ম্যাচে গোল করার রেকর্ড স্পর্শ করে।
এরপর আল খালিজের বিপক্ষে ম্যাচে আল নাসরের হয়ে গোল করেন আবদুল্লাহ আল হামদান। তার গোলেই টানা গোল করার ধারাবাহিকতা ৯৪ ম্যাচে পৌঁছে যায় আল নাসরের। ফলে রিভার প্লেটের ৮৭ বছরের পুরোনো রেকর্ড পেছনে পড়ে যায়।
রিভার প্লেটের ঐতিহাসিক দলটি ফুটবল ইতিহাসে ‘লা মাকিনা’ নামে পরিচিত। সেই দলে ছিলেন হোসে ম্যানুয়েল মোরেনো ও অ্যাডলফো পেদেরনেরার মতো তারকা ফুটবলার। টানা ৯৩ ম্যাচে গোল করার পথে দলটি মোট ৩০১ গোল করেছিল।
আল নাসরের এই রেকর্ডযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে রোনালদোর। ২০২৩ সালে সৌদি ক্লাবটিতে যোগ দেওয়ার পর থেকেই দলের গোল করার ধারাবাহিকতায় বড় অবদান রেখে আসছেন পর্তুগিজ তারকা। রেকর্ড স্পর্শ করার আগের ম্যাচেও আবহার বিপক্ষে তার গোল ছিল গুরুত্বপূর্ণ।
তবে সব ধরনের ঘরোয়া প্রতিযোগিতা একসঙ্গে বিবেচনা করলে এখনো রিভার প্লেটের রেকর্ড অক্ষত রয়েছে। আর্জেন্টাইন ক্লাবটি টানা ৯৬ ম্যাচে গোল করেছিল। এর মধ্যে ৯৩টি ছিল লিগ ম্যাচ। বাকি তিনটি ছিল ঘরোয়া কাপের ম্যাচ, যেখানে পেনিয়ারোলের বিপক্ষে দুটি এবং রোজারিও সেন্ট্রালের বিপক্ষে একটি ম্যাচে গোল করেছিল রিভার প্লেট।