স্বাস্থ্য
হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত শতাধিক
সারাদেশে হামের প্রকোপ উদ্বেগজনকভাবে বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে, যার মধ্যে রাজধানী ঢাকায় মারা গেছে ৪ শিশু। একই সময়ে নতুন করে ৮৬০ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে এবং হামের উপসর্গ নিয়ে সারাদেশে মোট ৮৬০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৬ শিশু।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়েছে ৮৫ জন। এ নিয়ে ১৫ মার্চ থেকে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৭৪০ জনে।
একই সময়ে আরও ৭৩৩ জনের শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩৩ হাজার ৬৩৮ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এ সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ১৫ হাজার ৮৭৯ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ১১ হাজার ৫৮৭ জন।