প্রবাস

বিদেশি শিক্ষার্থীদের পরিবার আনার সুযোগ বন্ধের পথে অস্ট্রেলিয়া


প্রবাস ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ পিএম

বিদেশি শিক্ষার্থীদের পরিবার আনার সুযোগ বন্ধের পথে অস্ট্রেলিয়া
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের পড়াশোনার সময় স্বামী, স্ত্রী বা সন্তানদের সঙ্গে নিয়ে অস্ট্রেলিয়ায় যাওয়ার সুযোগ বন্ধের পরিকল্পনা করছে দেশটির সরকার। একই সঙ্গে অস্থায়ী ভিসাধারীদের এক ধরনের ভিসা থেকে অন্য ধরনের ভিসায় যাওয়ার সুযোগও সীমিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে দেশটির অভিবাসন নীতিতে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দেবেন। সরকারের লক্ষ্য, বর্তমানে বছরে প্রায় ৩ লাখ থাকা নিট বিদেশি অভিবাসন ২০২৮ সালের মধ্যে ২ লাখ ২৫ হাজারে নামিয়ে আনা।

বর্তমানে আন্তর্জাতিক শিক্ষার্থীরা তাদের স্বামী, স্ত্রী বা সঙ্গী এবং ১৮ বছরের কম বয়সী সন্তানদের অস্ট্রেলিয়ায় নিয়ে যেতে পারেন। শিক্ষার্থীর পড়াশোনার ধরন অনুযায়ী তার সঙ্গীর কাজ করার সুযোগও রয়েছে।

তবে নতুন ব্যবস্থায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের পরিবারের সদস্যদের জন্য নির্ভরশীল ভিসার সুযোগ কার্যত বন্ধ হয়ে যেতে পারে। গত অর্থবছরে অস্ট্রেলিয়া ৩ লাখ ৩৭ হাজার ৪২৭টি শিক্ষার্থী ভিসা দিয়েছে। এর মধ্যে ৪৫ হাজার ৯৯১টি ভিসা দেওয়া হয়েছে শিক্ষার্থীদের পরিবারের সদস্য বা নির্ভরশীলদের জন্য।

এ ছাড়া অস্থায়ী ভিসাধারীদের ভিসার মেয়াদ শেষ হওয়ার পর অন্য ভিসায় গিয়ে অস্ট্রেলিয়ায় থাকার প্রবণতা কমাতেও উদ্যোগ নিচ্ছে সরকার। এ জন্য ভিসা পরিবর্তন, মেয়াদ বাড়ানো এবং কিছু ক্ষেত্রে আপিলের নিয়ম আরও কঠোর করার পরিকল্পনা করা হয়েছে।

করোনা মহামারির পর ২০২২ সালে সীমান্ত খুলে দেওয়ার পর অস্ট্রেলিয়ায় অভিবাসন দ্রুত বাড়তে থাকে। ২০২৩ সালে নিট বিদেশি অভিবাসন রেকর্ড ৫ লাখ ১৮ হাজারে পৌঁছায়। ২০২৪ সালে তা কমে ৪ লাখ ২৯ হাজারে দাঁড়ায়। ২০২৫ সালের জুন পর্যন্ত এক বছরে এই সংখ্যা আরও কমে ৩ লাখ ৬ হাজারে নেমে আসে।

অস্ট্রেলিয়া সরকার বলছে, আবাসন ও অবকাঠামোর ওপর চাপ কমানোর পাশাপাশি অভিবাসন ব্যবস্থাকে আরও নিয়ন্ত্রিত করতেই নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সূত্র: রয়টার্স