জাতীয়

উপনির্বাচনেও মাঠে থাকবে সেনাবাহিনী, ৬ জুনের আগেই শেষ হবে স্থানীয় নির্বাচন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ পিএম

উপনির্বাচনেও মাঠে থাকবে সেনাবাহিনী, ৬ জুনের আগেই শেষ হবে স্থানীয় নির্বাচন
ছবি: সংগৃহীত

জাতীয় নির্বাচনের মতো উপনির্বাচনেও সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। একই সঙ্গে নির্বাচনে আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার কথা জানিয়েছে কমিশন। আগামী ৬ জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন শেষ করার বিষয়েও বৈঠকে সম্মতি হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সামনে রেখে ২৬টি মন্ত্রণালয়, বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে এ বৈঠক করে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনার বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আগে জানানো কর্মপরিকল্পনা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জাতীয় নির্বাচনের মতোই আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে। পাশাপাশি আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হবে।

তিনি বলেন, ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের নির্বাচন আগামী ৬ জুনের আগেই শেষ করার বিষয়ে বৈঠকে সবাই সম্মত হয়েছেন। কমিশন যে প্রাথমিক সময়সূচি দিয়েছিল, সেটি সম্ভাব্য সময় হিসেবে নির্ধারণ করা হয়েছিল।

নভেম্বর থেকে নির্বাচন শুরু হবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, নভেম্বর ও ডিসেম্বরে দেশজুড়ে বিভিন্ন স্তরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর জানুয়ারি মাসে কিছুটা সময় পাওয়া গেলেও এর পরপরই পবিত্র রোজা এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের মতো পাবলিক পরীক্ষা শুরু হবে।

এমন ব্যস্ত সময়সূচির মধ্যে কীভাবে উপনির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা যায়, তা নিয়ে কমিশন কাজ করছে বলেও জানান তিনি।

নির্বাচন কমিশনার বলেন, আন্তঃমন্ত্রণালয় বৈঠক থেকে পাওয়া তথ্য ও উপাত্ত নিয়ে কমিশন সভায় আলোচনা করা হবে। এরপর নির্বাচন আয়োজনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।