জাতীয়
দেশ ছাড়তে পারেন আসিফ মাহমুদ, দেশত্যাগে নিষেধাজ্ঞা চায় দুদক
সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন। অনুসন্ধান চলাকালে তিনি দেশ ছাড়তে পারেন বলে আশঙ্কা করছে সংস্থাটি। এ কারণে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে দুদক।
দুদকের এক কর্মকর্তার বরাতে করা প্রতিবেদনে বলা হয়েছে, আসিফ মাহমুদের বিরুদ্ধে চলমান অনুসন্ধান যাতে বাধাগ্রস্ত না হয়, সে জন্য তার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করা হবে।
দুদকের ওই কর্মকর্তা জানান, আসিফ মাহমুদের বিরুদ্ধে একাধিক অভিযোগের অনুসন্ধান চলছে। অনুসন্ধান চলাকালে তিনি বিদেশে চলে যেতে পারেন বলে আশঙ্কা রয়েছে। তিনি দেশ ছাড়লে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হতে পারে। এ কারণে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দুদকের অনুসন্ধানে আসিফ মাহমুদের বিরুদ্ধে বিদেশে অর্থপাচার, সরকারি পদে নিয়োগ ও পদায়নে অর্থ লেনদেন, দরপত্র বাণিজ্য এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। এসব অভিযোগের তথ্য ও উপাত্ত যাচাইয়ের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তি ও নথিপত্র নিয়েও অনুসন্ধান চলছে।
দুদক জানিয়েছে, আসিফ মাহমুদের বিরুদ্ধে বিদেশে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ পাওয়া গেছে। দুবাই, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া ও সুইজারল্যান্ডে এসব অর্থ পাচার করে বিলাসবহুল সম্পদ কেনা এবং ব্যবসায় বিনিয়োগের অভিযোগও রয়েছে।
তবে দুদক কর্মকর্তারা জানিয়েছেন, এসব এখনো অভিযোগের পর্যায়ে রয়েছে। অভিযোগগুলো আমলে নিয়েই অনুসন্ধান শুরু করা হয়েছে এবং তদন্তের মাধ্যমে এর সত্যতা যাচাই করা হচ্ছে।