সারাদেশ
সতীনকে ‘মা’ ডাকায় শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ, বোনও গুরুতর আহত
টাঙ্গাইলের সখীপুরে পারিবারিক বিরোধের জেরে ঘুমন্ত দুই সন্তানের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠেছে তাদের সৎমায়ের বিরুদ্ধে। এ ঘটনায় সাড়ে তিন বছর বয়সী মো. আশরাফুল নামে এক শিশু নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে তার ৯ বছর বয়সী বোন সিরজাতুন। আহত শিশুটিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বড়চওনা ইউনিয়নের খালিয়াড়বাইদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আশরাফুল ও আহত সিরজাতুন ওই এলাকার মো. শাহীন মিয়ার সন্তান। অভিযুক্ত আকলিমা আক্তার শাহীনের দ্বিতীয় স্ত্রী।
পরিবারের সদস্যদের অভিযোগ, শাহীন মিয়া ও আকলিমা আক্তারের মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় বুধবার গভীর রাতে ঘুমন্ত অবস্থায় দুই শিশুর ওপর ধারালো ছুরি দিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে।
হামলার পর দুই শিশুকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাড়ে তিন বছর বয়সী আশরাফুলকে মৃত ঘোষণা করেন। অপর শিশু সিরজাতুনের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রাতেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন রয়েছে।
ঘটনার খবর পেয়ে সখীপুর থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পরে পুলিশ নিহত শিশুর মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত আকলিমা আক্তারকে থানায় নিয়ে যায়। এ ঘটনায় প্রাথমিক সুরতহালসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পারিবারিক বিরোধের জেরেই ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে হামলার প্রকৃত কারণ এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বিষয় খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে।
ওসি আরও জানান, ঘটনাস্থলটি দুই থানার সীমানাসংলগ্ন এলাকায় হওয়ায় মামলা দায়েরের ক্ষেত্রে কিছুটা জটিলতা দেখা দিয়েছে। ঘটনাস্থলের সীমানা নির্ধারণের পর কোন থানায় মামলা হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এরপর মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত শিশুর মরদেহের ময়নাতদন্ত ও পুলিশের তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ এবং হামলার পেছনের বিস্তারিত তথ্য বেরিয়ে আসবে বলে জানিয়েছে পুলিশ।