জাতীয়

ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ পিএম

ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের
ছবি: সংগৃহীত

বাংলাদেশের ব্যবসায়ী, বিনিয়োগকারী, কর্মী, শিক্ষার্থী ও পর্যটকদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া আরও সহজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানো এবং বাণিজ্য ও বিনিয়োগের নতুন সুযোগ তৈরির ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

বৃহস্পতিবার সকালে বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত গুয়েন ম্যানহ কুঅং বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

সাক্ষাৎকালে ভিয়েতনামের রাষ্ট্রদূত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান। একই সঙ্গে ভিয়েতনামের রাষ্ট্রপতির পক্ষ থেকে তাঁকে ভিয়েতনাম সফরের আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি এ আমন্ত্রণের জন্য ভিয়েতনামের রাষ্ট্রপতি ও রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের সঙ্গে ভিয়েতনামের পাঁচ দশকেরও বেশি সময় ধরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। এই সম্পর্ককে আরও শক্তিশালী করতে দুই দেশের ব্যবসায়ী, বিনিয়োগকারী ও সাধারণ মানুষের মধ্যে যোগাযোগ বাড়ানো প্রয়োজন। একই সঙ্গে অর্থনৈতিক ও উন্নয়ন সম্ভাবনাকে কাজে লাগাতে অংশীদারত্বের ক্ষেত্র আরও সম্প্রসারণের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করা জরুরি।

সাক্ষাৎকালে ভিয়েতনামের রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ চালুর ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি বাস্তবায়ন এবং দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের সফর বিনিময় বাড়ানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২০০৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে তাঁর ভিয়েতনাম সফরের কথা স্মরণ করেন। তিনি বলেন, দুই দেশের জনগণের মধ্যে দীর্ঘদিনের ঐতিহাসিক বন্ধুত্ব রয়েছে। ভবিষ্যতে এই বন্ধুত্ব ও দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

দুই দেশের বাণিজ্য সম্পর্ক আরও ভারসাম্যপূর্ণ ও পারস্পরিকভাবে লাভজনক করার ওপরও গুরুত্ব দেন রাষ্ট্রপতি। এ জন্য বাংলাদেশ থেকে ভিয়েতনামে রপ্তানি বাড়ানোর নতুন সুযোগ সৃষ্টি করতে দেশটির প্রতি আহ্বান জানান তিনি।

রাষ্ট্রপতি ভিয়েতনামে বাংলাদেশি পণ্যের বাজার সম্প্রসারণের ওপর জোর দিয়ে বাংলাদেশে উৎপাদিত ওষুধ, চামড়া ও চামড়াজাত পণ্য, সিরামিক, বাইসাইকেল, পাট ও পাটজাত পণ্যসহ বিভিন্ন রপ্তানিযোগ্য পণ্যের আমদানি বাড়ানোর আহ্বান জানান।

বিদায়ী রাষ্ট্রদূত গুয়েন ম্যানহ কুঅংয়ের বাংলাদেশে সফল কর্মকাল এবং দুই দেশের সম্পর্ক উন্নয়নে তাঁর অবদানের জন্য ধন্যবাদ জানান রাষ্ট্রপতি। নিজ দেশে ফিরে যাওয়ার পরও বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে বন্ধুত্ব, সহযোগিতা ও পারস্পরিক সম্পর্ক আরও জোরদারে তিনি ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন।

সাক্ষাতের শেষ পর্যায়ে রাষ্ট্রপতি ভিয়েতনামের রাষ্ট্রদূতের সুস্বাস্থ্য ও সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন। পাশাপাশি ভিয়েতনামের জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন তিনি।

এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিববৃন্দ, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ভিয়েতনাম দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।