সারাদেশ
নিখোঁজের ২৪ দিন পর ব্রহ্মপুত্রে ভেসে উঠল ৮ বছরের রোহানের মরদেহ
জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার ২৪ দিন পর রোহান মিয়া (৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার চিকাজানী ইউনিয়নের মন্ডল বাজার এলাকার ব্রহ্মপুত্রের শাখা নদে মরদেহটি ভেসে ওঠে। পরে স্বজনরা এসে মরদেহটি রোহানের বলে শনাক্ত করেন।
নিহত রোহান দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের ভাঙ্গার গ্রামের মনির হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৫ আগস্ট বাড়ির পাশের ব্রহ্মপুত্র নদের দফাদারের ঘাটে গোসল করতে গিয়ে পানিতে নিখোঁজ হয় সে।
রোহান নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্য, স্বজন ও স্থানীয়রা নদে ব্যাপকভাবে খোঁজাখুঁজি করেন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দলও উদ্ধার অভিযান পরিচালনা করে। তবে দীর্ঘ সময় অভিযান চালিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজের ২৪ দিন পর বৃহস্পতিবার সকালে কয়েক কিলোমিটার দূরে ব্রহ্মপুত্রের শাখা নদে স্থানীয়রা একটি মরদেহ ভেসে যেতে দেখেন। খবর পেয়ে রোহানের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে পরনের পোশাক দেখে মরদেহটি শনাক্ত করেন।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন শিশুটির মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
রোহানের নিখোঁজ হওয়ার পর থেকে তার পরিবার ও স্বজনরা তাকে ফিরে পাওয়ার আশায় অপেক্ষায় ছিলেন। দীর্ঘ ২৪ দিন পর নদে মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।