সারাদেশ

স্বামীর পছন্দের নারীকে নিজেই সতীন করে ঘরে তুললেন গাজীপুরের রুমা


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ পিএম

স্বামীর পছন্দের নারীকে নিজেই সতীন করে ঘরে তুললেন গাজীপুরের রুমা
ছবি: সংগৃহীত

স্বামীর অন্য নারীর প্রতি ভালো লাগার কথা শুনে যেখানে অনেক সংসারে অশান্তি তৈরি হয়, সেখানে গাজীপুরের কালিয়াকৈরের রুমা আক্তারের ঘটনা একেবারেই ভিন্ন। স্বামীর পছন্দের নারীকে নিজেই বিয়ে করিয়ে পরে তাকে সতীন হিসেবে ঘরে তুলেছেন তিনি। বর্তমানে দুই স্ত্রীকে নিয়ে একই ছাদের নিচে সংসার করছেন আব্দুর রহমান।

শুধু একই বাড়িতে বসবাস নয়, রান্নাবান্না, সংসারের কাজ, একসঙ্গে খাওয়া-দাওয়া ও ঘোরাঘুরিও করেন দুই সতীন। ঘটনাটি ঘটেছে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা হরিনহাটি এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১৭ বছর আগে পারিবারিকভাবে রুমা আক্তারের সঙ্গে আব্দুর রহমানের বিয়ে হয়। তাদের সংসারে রয়েছে দুই সন্তান। প্রায় চার বছর আগে স্ত্রী রুমাকে আব্দুর রহমান জানান, নাজনীন সুলতানা নামে এক নারীকে তার ভালো লাগে।

স্বামীর এমন কথা শুনে বিরোধে না গিয়ে বিষয়টি মেনে নেন রুমা। বরং স্বামীর পছন্দকে সম্মান জানিয়ে নিজেই নাজনীনকে নিয়ে কাজি অফিসে যান। সেখানে তাদের বিয়ে হয়। পরে নাজনীনকে নিজের সংসারে সতীন হিসেবে তুলে নেন রুমা।

রুমা আক্তার বলেন, তার স্বামী একদিন তাকে জানান, নাজনীনকে তার ভালো লাগে। পরে স্বামীর পছন্দকে প্রাধান্য দিয়ে তিনি নিজেই তাদের বিয়ের ব্যবস্থা করেন। বর্তমানে তারা তিনজন সুখেই আছেন। এক হাঁড়িতে রান্না করা, একসঙ্গে খাওয়া-দাওয়া থেকে শুরু করে ঘোরাঘুরিও করেন তারা।

নাজনীন সুলতানারও একটি সন্তান রয়েছে। বর্তমানে রুমা ও নাজনীন একই বাসায় থাকেন। সংসারের কাজও নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছেন তারা। কখনো একজন রান্না করেন, অন্যজন ঘরের কাজ সামলান। আবার সুযোগ হলে দুজন মিলে বাইরে ঘুরতেও যান।

আব্দুর রহমানের বাড়ি গাইবান্ধার ঝরা বর্ষা গ্রামে। ২০০৬ সালে কাজের সন্ধানে গাজীপুরে আসেন তিনি। বর্তমানে চন্দ্রা হরিনহাটি এলাকায় ভাড়া বাসায় দুই স্ত্রীকে নিয়ে বসবাস করছেন।

দুই স্ত্রীকে নিয়ে বাইরে বের হলে নানা ধরনের মন্তব্য শুনতে হয় আব্দুর রহমানকে। তবে এসব কথাকে গুরুত্ব দিতে চান না তিনি। তার দাবি, তিনি দুই স্ত্রীকেই সমানভাবে দেখেন এবং সামর্থ্য অনুযায়ী দুজনের প্রয়োজন পূরণের চেষ্টা করেন।

একই সংসারে দুই সতীনের বসবাস নিয়ে আশপাশের মানুষের কৌতূহল থাকলেও রুমা ও নাজনীন নিজেদের মধ্যে বোঝাপড়া ও পারস্পরিক সম্মান বজায় রেখেই সংসার করছেন বলে জানান।

তাদের ভাষ্য, সম্পর্কের এই ভিন্ন ধরনের সমীকরণ নিয়ে বাইরে নানা কথা থাকলেও নিজেদের সংসারে তারা শান্তিতেই আছেন।